সাত বছরেও হস্তান্তর হয়নি! বিভিন্ন স্থানে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে প্রায় সাত বছর আগে ‘ভিআইপি রেস্টহাউস’ উদ্বোধন করা হয়েছে। অথচ বিল ও নির্মাণকাজে ত্রুটিসংক্রান্ত জটিলতার কারণে স্থাপনাটির হস্তান্তর-প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে আছে বলে অভিযোগ উঠেছে। এদিকে রেস্টহাউসটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদের উদ্যোগে ২০০১ সালের দিকে কুলাউড়া উপজেলা সদরের চৌমোহনা এলাকায় শহীদ মিনারের পার্শ্ববর্তী স্থানে দুই তলা ‘ভিআইপি রেস্টহাউস’ নির্মাণের কাজ শুরু হয়। প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে স্থাপনাটি নির্মাণের দায়িত্ব পান মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা ঠিকাদার হাবিবুর রহমান। ২০০৪ সালের ৩ ডিসেম্বর মৌলভীবাজার-৩ আসনের (সদর ও রাজনগর) তৎকালীন সাংসদ ও জেলা বিএনপির বর্তমান সভাপতি এম নাসের রহমান রেস্টহাউসটি উদ্বোধন করেন।স্থানীয় সূত্র জানায়, ঠিকাদার হাবিবুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রেস্টহাউসের নিচতলায় দুটি শয়নকক্ষ, একটি করে রান্নাঘর, বৈঠকঘর, খাবারঘর ও বাথরুম এবং প্রথম তলায় দুটি শয়নকক্ষ ও চারটি বাথরুম আছে। স্থাপনাটির সামনের অংশে কয়েকটি প্রধান পাকা খুঁটির (পিলার) নিচে এবং বিভিন্ন কক্ষের মেঝে ও টাইলসের মধ্যে ফাটলের সৃষ্টি হয়েছে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে জানান, ‘রেস্ট হাউসটি কয়েক বছর ধরে উপজেলা প্রশাসন দেখভাল করছে। এটির নির্মাণকাজ খুবই বাজে হয়েছে। বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এসব সমস্যা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। জেলা পরিষদ জানিয়েছে, হস্তান্তর না হওয়ায় রেস্টহাউসটির ব্যাপারে তাদের কোনো দায়দায়িত্ব নেই।’ তিনি বলেন, ‘মাঝেমধ্যে বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কুলাউড়ায় বেড়াতে এলে রেস্টহাউসটিতে থাকেন। এ ক্ষেত্রে ওই ব্যক্তিদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায় করে সেটা সরকারের কোষাগারে আমরা জমা দিই।’জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেচ মিয়া প্রথম আলোকে জানান, রেস্টহাউসটির নির্মাণব্যয় ধরা হয়েছিল ৪৫ লাখ ২৮ হাজার টাকা। পরে ঠিকাদার বাড়তি কাজ দেখিয়ে দুই দফায় ব্যয় বাড়িয়ে ৯০ লাখ ৭১ হাজার টাকা করেন। জেলা পরিষদের হিসাবে চূড়ান্ত বিল হয়েছে ৬৬ লাখ ২২ হাজার টাকা। এর মধ্যে কিছু বিল ঠিকাদার তুলে নিয়েছেন। কিন্তু স্থাপনাটি তাঁদের হস্তান্তর করেননি। কার্যালয়ে হস্তান্তরসংক্রান্ত কোনো নথিপত্রও নেই। এ ছাড়া রাজনৈতিক কারণে রেস্টহাউসটি উদ্বোধন করা হয়েছে। রেস্টহাউসটির ২০টি স্থানে ত্রুটি আছে। ঠিকাদারের জামানতসহ কিছু বিল আটক রাখা হয়েছে।জর্জেচ মিয়া আরও জানান, সামগ্রিক বিষয় লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত পাওয়া গেলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদার হাবিবুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, নির্মাণকাজের পরপরই রেস্টহাউসটি তিনি জেলা পরিষদ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছেন। নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি। ব্যয়ও ঠিকঠাক হয়েছে। জেলা পরিষদের নকশায় ত্রুটি ছিল। সে কারণে স্থাপনাটিতে কিছু সমস্যা দেখা দিতে পারে। জেলা পরিষদের কাছে জামানতসহ বিলের প্রায় ২৫ লাখ টাকা তাঁর পাওনা রয়েছে।