রাঙামাটির কাপ্তাই পাল্পউড বন বিভাগের (ডিভিশন) আওতাধীন সাতটি মৌজা বান্দরবান পাল্পউড বন বিভাগের কাছে হস্তান্তরের সরকারি নির্দেশ গত সাত বছরেও বাস্তবায়িত হয়নি।রাজবিলা, হ্নারা, আলিক্ষ্যং, কোয়াক্ষ্যং, নোয়াপতং, ম্রক্ষ্যং ও মুরুক্ষ্যং—বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার এ সাতটি মৌজা দীর্ঘদিন ধরে রাঙামাটির কাপ্তাই পাল্পউড বন বিভাগের অধীনে ছিল। ২০০৫ সালের ২৫ মে প্রায় ৫৪ হাজার ২৭৯ একর এলাকার ওই সাতটি মৌজা বান্দরবান পাল্পউড বন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য সরকারি নির্দেশ জারি করা হয়। ওই সাতটি মৌজার হেডম্যান-কার্বারিরা অভিযোগ করেছেন, রাঙামাটি বন সংরক্ষক (সিএফ) ও কাপ্তাই পাল্পউড বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) বাধার মুখে মৌজাগুলো হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। তাঁদের দাবি, মৌজাগুলোর হস্তান্তরে বিলম্ব হওয়ায় এর বাসিন্দারা বন-সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে ভোগান্তির শিকার হচ্ছেন। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, কর্ণফুলী কাগজ কলের (কেপিএম) মন্ড তৈরির জন্য নরম কাঠ (পাল্পউড) উৎপাদনের লক্ষ্যে ১৯৭৮ সালে কাপ্তাই পাল্পউড বন বিভাগ করা হয়। কাপ্তাই রাঙামাটি জেলায় অন্তর্ভুক্ত হলেও বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সাতটি মৌজা তখন কাপ্তাই বন কর্তৃপক্ষের অধীনে নেওয়া হয়। রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ও নোয়াপতং মৌজার কানাইজোপাড়া কার্বারি (পাড়াপ্রধান) মংবাথোয়াই মারমা অভিযোগ করেন, স্থানীয়দের মতামত ছাড়াই মৌজাগুলো কাপ্তাই বন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বান্দরবানের বাসিন্দা হলেও বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে ওই মৌজার লোকদের ৮০ কিলোমিটার দূরে কাপ্তাই যেতে হচ্ছে।সোনাই সেপ্রু কার্বারি উচনু মারমা বলেন, জোত পারমিটসহ (বাগানের গাছ কাটা ও পরিবহনের অনুমতিপত্র, জমির মালিকানা) বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য বান্দরবানের বাসিন্দাদের কাপ্তাই যেতে হয়। মৌজাগুলো হস্তান্তর হলে রোয়াংছড়ি উপজেলা কিংবা বান্দরবান জেলা প্রশাসন থেকেই এসব কাজ করা যেত। নাসালংপাড়া কার্বারি ক্যউপ্রু মারমা বলেন, ‘সব ধরনের প্রশাসনিক কাজের জন্য বান্দরবান আর বন প্রশাসনের জন্য কাপ্তাই—এ রকম দ্বৈত প্রশাসনের যাঁতাকলে পড়েছি আমরা।’ তিনি বলেন, মাঠপর্যায়ের বন কর্মকর্তা-কর্মচারীরা নিরীহ লোকজনকে হয়রানি করলেও শুধু দূরত্বের কারণে কাপ্তাই গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করা সম্ভব হয় না।পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৫ সাল থেকে মৌজাগুলোকে হস্তান্তরের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় রাঙামাটি সিএফ ও কাপ্তাই ডিএফওকে নির্দেশ দিয়ে আসছে। সর্বশেষ চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রধান বন সংরক্ষক দ্রুত হস্তান্তর প্রক্রিয়া শেষ করে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়। কিন্তু এখন পর্যন্ত মৌজা হস্তান্তরের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বান্দরবানের পাল্পউডের বিভাগীয় কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, কাপ্তাই ডিএফওকে সর্বশেষ গত ২০ মে মৌজাগুলো হস্তান্তরের জন্য চিঠি দেওয়া হয়েছে। কাপ্তাই পাল্পউড বন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সাতটি মৌজা হস্তান্তরের সিএফ ও ডিএফওর অনীহার কথা স্বীকার করে বলেন, সাত মৌজার পাঁচটি রেঞ্জ হস্তান্তর হলে কাপ্তাই বন বিভাগের কর্ম এলাকা কমে যাবে। তা ছাড়া হস্তান্তরে মৌজার কথা বলা হলেও পাঁচটি রেঞ্জের জনবল কোন বন বিভাগে যাবে তা বলা হয়নি। এসব কারণ দেখিয়ে সিএফ ও ডিএফও হস্তান্তর প্রক্রিয়া ঠেকিয়ে রেখেছে। তবে রাঙামাটির সিএফ শফিকুল আলম ও কাপ্তাই পাল্পউড বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শফিকুল ইসলাম বলেন, কোনো অজুহাত নয়, উন্নয়ন কাজ চলতে থাকায় মৌজা হস্তান্তর করা যায়নি। জুন মাসে হস্তান্তরের কথা থাকলেও পরিবেশ ও বনমন্ত্রীর মৌখিক নির্দেশে হস্তান্তর প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।এ ব্যাপারে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।