
হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে গত সাত বছরের তুলনায় এবারই পাসের হার সবচেয়ে কম। এবার বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৪০। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৫৪।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ। তবে পাসের হার কমলেও দেশের সব শিক্ষা বোর্ডের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।
গত সাত বছরের ফলাফল বিশ্লেষণে জানা যায়, ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের করে ৭৮ দশমিক ৫৫ শতাংশ, ২০১৩ সালে ৭৭ দশমিক ৬৯ শতাংশ, ২০১২ সালে ৭৮ দশমিক ৪৪ শতাংশ, ২০১১ সালে ৭৯ দশমিক ০১ শতাংশ এবং ২০১০ সালে ৭৫ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও গত পাঁচ বছরের তুলনায় তা দ্বিতীয় সর্বনিম্ন। গত বছরের চেয়ে এ বছর ৮২৩ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছেন। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭৩ জন। গতবার ছিল ৫ হাজার ২৫০ জন।
তবে ২০১৪, ২০১৩ ও ২০১২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল যথাক্রমে ৭ হাজার ৬৪১ জন, ৭ হাজার ৬৬৬ জন ও ৬ হাজার ৮৭২ জন। এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও এবার বেশি। গত বছর ১৩ হাজার ৯৯২ জন শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১১৩ জন।
এ বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের পাসের হার ৭৩ দশমিক ৬৩, মানবিকের ৭৪ দশমিক ৪৭ এবং ব্যবসায় শিক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে ৪ হাজার ৮৮১ জন, মানবিক থেকে ৭১৬ এবং ব্যবসায় শিক্ষা থেকে ৪৭৬ জন।
প্রাপ্ত ফল থেকে দেখা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেন। পরীক্ষা দেন এক লাখ ১৫ হাজার ৭৮০ জন। এর মধ্যে ৬৩ হাজার ৭০৬ জন ছাত্র এবং ৫২ হাজার ৭৪ জন ছাত্রী। পাস করেছেন ৮৭ হাজার ৩০১ জন। জিপিএ-৫ পাওয়া ৬ হাজার ৭৩ জনের মধ্যে তিন হাজার ৮০ জন ছাত্র এবং ২ হাজার ৪৯৩ জন ছাত্রী। এই বোর্ডে ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৭১ এবং মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৭০।
এবার ৭১৫টি কলেজের মধ্যে ১৮টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাসের কৃতিত্ব দেখাতে পেরেছেন। আর আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাস করতে পারেননি।
পাসের হার কমার বিষয়ে জানতে চাইলে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, ‘পাসের হার কিছুটা কমেছে ঠিক। তবে শিক্ষার গুণগত মান বেড়েছে। ফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে অনেক বেড়েছে।’