সাত বছরের মধ্যেই চকলেট-শূন্য পৃথিবী!

চকলেট-প্রিয়দের জন্য দুঃসংবাদই বটে। আর মাত্র সাত বছর! এর পরই পৃথিবীতে চকলেট বলে আর কোনো বস্তু থাকবে না। রসনাতৃপ্তির মুখরোচক এ খাদ্যটির মূল উপাদান কোকোর ভান্ডারে নাকি টান পড়েছে। আকাশচুম্বী চাহিদার বিপরীতে কোকোর জোগান দিয়ে নাকি আর কুলানো যাচ্ছে না। এভাবে চলতে থাকলে ২০২০ সালের মধ্যেই পৃথিবীতে চকলেট বিরল এক বস্তুতে পরিণত হবে।
চকলেট বিরল হওয়ার আশঙ্কাটা এসেছে মূলত কোকোর উত্পাদন কমে যাওয়ার কারণে। গেল সপ্তাহেই চকলেটের ভবিষ্যত্ নিয়ে এর বিশেষজ্ঞরা আলোচনায় বসেছিলেন। সেখানে উঠে এসেছে এর অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের ব্যাপারটা। ওই আলোচনায় বিশেষজ্ঞরা হিসাব করে দেখিয়েছেন, বর্তমানে পৃথিবীতে যে পরিমাণ কোকো উত্পাদিত হয় আর পৃথিবীময় চকলেটের যে চাহিদা, তাতে পৃথিবী কোকোহীন হয়ে পড়বে ২০২০ সালের অক্টোবরের মধ্যেই। আপাতত এর কোনো সমাধান নেই বলেও ওই আলোচনায় একমত হয়েছেন বিশেষজ্ঞরা।
এই বৈঠকে ছিলেন চকলেট বিশেষজ্ঞ অ্যাঞ্জাস কেনেডি। তাঁর কণ্ঠেও চকলেট নিয়ে ঝরেছে রাজ্যের হতাশা, ‘চকলেটের মূল উপাদান কোকো ফল। পৃথিবীতে এ মুহূর্তে কোকো ফলের ঘাটতি দেখা দিয়েছে। সুতরাং খুব শিগগির চকলেট উত্পাদনের জন্য কাঁচামালের অভাব দেখা দেবে। তাই চকলেট নামের মজার এ খাবারটি বিরল হয়ে যাওয়াটা আসন্নই। আপাতত এর কোনো সমাধানও চোখে পড়ছে না।’
কোকোর ঘাটতির মূল কারণ চাহিদা অনুযায়ী চাষাবাদ না হওয়া। এ ব্যাপারটি কিছুটা প্রাকৃতিকও। কোকো পৃথিবীর যেকোনো আবহাওয়া কিংবা যেকোনো জায়গায় উত্পাদন করা সম্ভব নয়। চকলেট বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ মুহূর্তে মোট চাহিদা অনুযায়ী চকলেট উত্পাদন করতে যে পরিমাণ কোকোর দরকার, তা প্রাকৃতিকভাবেই উত্পাদনে অক্ষম এই পৃথিবী। পৃথিবীর মাপ অনুযায়ী আরও একটি গ্রহের সবটুকু ভূমিতে যদি কোকো উত্পাদিত হয়, তবেই এর সম্পূর্ণ চাহিদা মেটানো সম্ভব।
বাণিজ্যিক একটি ব্যাপারও কোকো উত্পাদন হ্রাসের নেপথ্যে ভূমিকা রাখছে। কৃষকেরা নাকি বর্তমানে কোকো ফল উত্পাদনে খুব একটা আগ্রহী নন। এর মূল কারণ কোকোর উত্পাদনে দরকার অনেক বেশি পরিশ্রম আর পরিচর্যা। বিশেষ করে কোকো একটা জমি অনেক দিন দখলে রাখে বলে আর্থিকভাবেও এটির উত্পাদন নাকি এখন আর খুব একটা লাভজনক নয়। বিশ্বের সেরা চকলেট কোম্পানিগুলোর অতিমুনাফার লোভও এর জন্য কম দায়ী নয়। বড় কোম্পানিগুলো কৃষকদের কাছ থেকে খুব অল্পমূল্যে কোকো কিনে তা দিয়ে চকলেট বানিয়ে লাভের পাহাড় গড়ছে। এ ব্যাপারে কৃষকেরা সচেতন হয়ে ওঠায়, তাঁরা কোকো উত্পাদনে রীতিমতো নিরুত্সাহী হয়ে পড়েছেন।
এভাবে চলতে থাকলে খুব শিগগির চকলেট পরিণত হবে অমূল্য এক বস্তুতে। সাধারণ মানুষের পক্ষে তখন আর চকলেট কিনে খাওয়া সম্ভব হবে না। কেবল অনেক টাকা থাকলেই কেউ চকলেটের স্বাদ নিতে পারবেন। ব্যাপারটি নিয়ে চিন্তিত ব্যবসায়ীরাও। এমনিতেই এখন একটি চকলেট বারে কোকোর পরিমাণ অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এতে হয়তো কোকোর স্বাদই আর পাওয়া যাবে না। বাদাম-টাদাম দিয়ে ভরাতে হবে চকলেট বার। এ মুহূর্তে চকলেটের চাহিদা ইউরোপ, আমেরিকার তুলনায় এশিয়াতেই বেশি। চকলেটের দাম বেড়ে গেলে এশিয়ার বাজারটাই হারানোর বেশি আশঙ্কা ব্যবসায়ীদের। সূত্র: পিটিআই।