সাত বছরের শিশু ধর্ষণের শিকার!
পাবনার বেড়া উপজেলায় গত শুক্রবার সাত বছরের এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার বেড়া মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এজাহারের বিবরণ অনুযায়ী, শুক্রবার বেলা একটার দিকে শিশুটি বাড়ির সামনের রাস্তায় বের হয়। এ সময় একই গ্রামের ফরিদ (১৮) শিশুটিকে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে স্বজনদের ঘটনাটি জানায়। শুক্রবার রাতেই শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ফরিদকে আসামি করে বেড়া মডেল থানায় মামলা হয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে জানান, আসামির বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।