সাত বাংলাদেশি নাবিক এখন ট্রলারে জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার উপকূলে ডুবে যাওয়া জাহাজের বাংলাদেশি সাত নাবিককে এফভি নাহাম-৩ নামের একটি মাছ ধরার ট্রলারে জিম্মি করে রেখেছে জলদস্যুরা। ৬ জুলাই জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আলবেদো ডুবে যাওয়ার সময় জলদস্যুরাই তাঁদের উদ্ধার করে এই ট্রলারে এনে রাখে।প্রসঙ্গত, ২০১০ সালের নভেম্বরে আরব আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে মালয়েশিয়ার একটি কোম্পানির মালিকানাধীন কনটেইনার জাহাজটি। মালয়েশিয়ার জাহাজমালিক জলদস্যুদের মুক্তিপণের টাকা না দেওয়ায় নাবিকসহ জাহাজটি জিম্মি করে রেখেছিল সোমালিয়ার জলদস্যুরা। এর আগে গত অক্টোবরে পাকিস্তান সরকার ও নাগরিকেরা মুক্তিপণের টাকা দিয়ে তাদের সাত নাবিককে জলদস্যুদের হাত থেকে মুক্ত করে আনে। মেরিটাইম এক্সিকিউটিভের খবরে বলা হয়, ডুবে যাওয়া ‘এমভি আলবেদো’ জাহাজের ১১ নাবিককে ‘এফভি নাহাম-৩’ ট্রলারে জিম্মি করে রেখেছে জলদস্যুরা। অপর চারজন নাবিক নিখোঁজ। এই চারজন শ্রীলঙ্কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রলারে জিম্মি নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা এবং ইরানের নাবিক রয়েছেন।বাংলাদেশি সাত নাবিক হলেন কুমিল্লার আমিনুল ইসলাম, চাঁদপুরের জাকির হোসেন ও লিমন সরকার, সাতক্ষীরার আবুল কাশেম, নুরুল হক, গোলাম মোস্তফা ও হাবিবুর রহমান। অপহূত আমিনুল ইসলামের বাবা নুরুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, ‘জাহাজটি ডুবে যাওয়ার সময় জলদস্যুরা কাছাকাছি থাকা বাংলাদেশি নাবিকদের একটি ট্রলারে নিয়ে রেখেছে বলে জেনেছি। এখন দ্রুত পদক্ষেপ নেওয়া ছাড়া কাউকে বাঁচানো সম্ভব নয়।’