সাত বাড়ি ভাঙচুর, আহত তিন শতাধিক একরের ফসল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দুদিন ধরে বন্য হাতির তাণ্ডবে সাতটি বাড়ি ভাঙচুর, হাতির হামলায় তিনজন আহত এবং শতাধিক একর জমির ফসল নষ্ট করে। ২০ অক্টোবর গভীর রাতে পাহাড়ি এলাকা থেকে বন্য হাতির দলটি দোহাজারী ইউনিয়নের দিয়াকুল গ্রামের লোকালয়ে নেমে আসে। বন্য হাতির হামলায় আহত ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (১৮), তাঁর ভাই মোহাম্মদ লোকমান (১৬) ও আবদুল মান্নান (১৭)। এঁদের মধ্যে গুরুতর আহত দুই ভাইকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে ১২-১৩টি বন্য হাতির একটি দল লোকালয়ে নেমে এসে দিনব্যাপী তাণ্ডব চালিয়ে প্রায় শতাধিক একর জমির ফসল, ধান, বাদাম, শিম, মুলা, বেগুন, পেঁপেসহ শীতকালীন সবজিখেত নষ্ট করে। পরদিন ২১ অক্টোবর রাতে হাতির দলটি চলে যাওয়ার সময় দিয়াকুলে চারটি, মাস্টারঘোনায় দুটি এবং হাতিয়াখোলায় একটি বাড়ি ভাঙচুর করে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন দিয়াকুল এলাকার নুরুন্নেছা বেগম, মোস্তাক আহমদ, মোহাম্মদ ইব্রাহিম, আবদুর রহিম, খলিল মিয়া, মাস্টারঘোনা এলাকার নুরুল ইসলাম, মোহাম্মদ নবী এবং হাতিয়ারখোলা এলাকার আবদুল হোসেন। খবর পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত রেজা ২১ অক্টোবর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বন বিভাগ দোহাজারী রেঞ্জের রেঞ্জার আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২১ অক্টোবর সারা দিন বন্য হাতির একটি দল দিয়াকুল এলাকায় তাণ্ডব চালানোর পর সন্ধ্যায় ফিরে যাওয়ার সময় এসব বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। তবে আগে থেকেই এসব ঘরবাড়ির লোকজনকে সরিয়ে নেওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।