চট্টগ্রাম নগরের দুটি কাঁচাবাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ওজনে চুরি, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের কারণে সাতজন বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের কাছ থেকে চারটি ত্রুটিপূর্ণ ওজনমাপক যন্ত্র ও বাটখারা, মেয়াদোত্তীর্ণ ঘি, শিশুখাদ্য ও সাড়ে আট কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে
গতকাল বৃহস্পতিবার নগরের পাহাড়তলী ও বহদ্দারহাট বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি। অভিযানে সহায়তা করেন মৎস্য অফিসার কামালউদ্দিন আহমেদ, বিএসটিআইয়ের পরিদর্শক মো. মুকুল।
জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে সাতজনকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে পাহাড়তলী বাজারের মো. ইসহাককে পাঁচ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় মুরগি বিক্রেতা আল আমিনকে দুই হাজার টাকা, শওকত স্টোরের স্বত্বাধিকারী সাইদুর রহমানকে মেয়াদোত্তীর্ণ ঘি ও মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, বহদ্দারহাট বাজারে অভিযানে মাংসবিক্রেতা মোস্তাফিজুর রহমানকে কসাইখানার বাইরে পশু জবাই, মূল্যতালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে মাংস বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা, মাছ বিক্রেতা বাদশা মিয়াকে ত্রুটিপূর্ণ ওজন মাপার যন্ত্র ও বাটখারা ব্যবহারের দায়ে দুই হাজার টাকা, সবজি বিক্রেতা আবুল বশরকে ওজনে কম দেওয়ার অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সাদ্দাম হোসেন নামের এক মাছ বিক্রেতার কাছে সাড়ে আট কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ পাওয়া যাওয়ায় তাঁকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি বলেন, জব্দ করা বিষাক্ত চিংড়িগুলো ধ্বংস করা হয়েছে। বিভিন্ন কাঁচাবাজারে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।