সাত বিচারক নেই, সাড়ে ১৫ হাজার মামলার জট
বিচারক-সংকটের কারণে শেরপুরের বিভিন্ন আদালতে ১৫ হাজার ৪৫৮টি মামলার জট সৃষ্টি হয়েছে। বিচারপ্রার্থীরা আদালতে এসে বিচার না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গ্রাম থেকে শহরে বারবার আসা-যাওয়া করতে হয় বলে তাঁদের দুর্ভোগও পোহাতে হচ্ছে। এ ছাড়া মুখ্য বিচারিক হাকিম আদালতের নিজস্ব ভবন না থাকায় সেখানে বিচারিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
আদালত ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন আদালতে বিচারককের ১৮টির পদের মধ্যে সাতটি শূন্য। এর মধ্যে বদলিজনিত কারণে তিন মাস ধরে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম এবং আট মাস ধরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের পদ দুটি শূন্য রয়েছে। বিচারিক হাকিমের চারটি পদের বিপরীতে মাত্র একজন কর্মরত আছেন। বর্তমানে একজন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুখ্য বিচারিক হাকিমের দায়িত্ব পালন করছেন। এসব আদালতে প্রায় সাত হাজার ফৌজদারি মামলা বিচারাধীন আছে।
জেলা ও দায়রা জজ আদালতের আওতাধীন শ্রীবরদী উপজেলা সহকারী জজের পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া যুগ্ম জেলা ও দায়রা জজের দুটি পদের বিপরীতে বর্তমানে একজন কর্মরত আছেন। এই বিচারক তাঁর পদের দায়িত্বসহ একই সঙ্গে অর্থঋণ আদালত, অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল এবং ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জেলা ও দায়রা আদালতের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গত জুলাই মাস পর্যন্ত জেলা ও দায়রা জজের অধীন বিভিন্ন আদালতে আট হাজার ৪৫৮টি মামলা বিচারাধীন। কিন্তু প্রয়োজনীয়সংখ্যক বিচারকের অভাবে দ্রুত মামলা নিষ্পত্তির পরিবর্তে ক্রমাগত মামলাজট বেড়েই চলেছে। ফলে মামলা নিষ্পত্তি না হওয়ায় বিচারপ্রার্থীরা দিনের পর দিন আদালতে এসে আইনজীবী ও তাঁদের সহকারীদের ফি দিয়ে মামলার পরবর্তী তারিখ নিয়ে বিষণ্ন মনে বাড়ি ফিরছেন।
২৬ আগস্ট শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল গ্রামের আবদুল ওয়াহাব বলেন, শ্রীবরদী সহকারী জজ আদালতে দুই বছর ধরে তাঁর জমিসংক্রান্ত একটি মামলা বিচারাধীন। মামলার নির্ধারিত তারিখে আদালতেও আসছেন। কিন্তু বিচারক না থাকায় মামলাটি নিষ্পত্তি হচ্ছে না। এতে আর্থিক ও মানসিক দিক থেকে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
২০০৭ সালে জেলা ও দায়রা জজ আদালতের পুরোনো ভবনে বিচারিক হাকিম আদালতের কার্যক্রম শুরু হয়। কিন্তু আজও শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের নিজস্ব আদালত ভবন নির্মাণ হয়নি। ফলে দীর্ঘ সাত বছর ধরে ছোট পরিসরে মুখ্য বিচারিক হাকিম আদালতের কার্যক্রম চলায় বিচারক, আদালতের কর্মচারী, আইনজীবী ও বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বদলিজনিত কারণে জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারকদের পদ শূন্য রয়েছে। আদালতের বিচারক-সংকট দূর করার এবং বিচারিক হাকিমের আদালতের জন্য নতুন ভবন নির্মাণ করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনজীবী সমিতির পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।