সাত বিদ্রোহীকে বিএনপি থেকে বহিষ্কার
বগুড়ায় পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নিয়ে বেকায়দায় পড়েছে বিএনপি। পরিস্থিতি জটিল আকার ধারণ করায় শেষ পর্যন্ত সাত বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বগুড়া পৌরসভাসহ জেলার নয়টি পৌরসভায় এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পাঁচটি পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করেননি। দলের উচ্চ পর্যায় থেকে ওইসব প্রার্থীদের কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের সময়সীমা পার হয়ে যাওয়ার পর গত মঙ্গলবার রাতে সাত বিদ্রোহী প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারাদেশ পাওয়া প্রার্থীরা হলেন—গাবতলী পৌরসভায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বিএনপির নেতা আবদুল জলিল ও যুবদলের নেতা শাহাদত হোসেন; সারিয়াকান্দি পৌরসভায় থানা কৃষক দলের সভাপতি টিপু সুলতান; নন্দীগ্রাম পৌরসভায় থানা বিএনপির সদস্য ও বর্তমান মেয়র কামরুল ইসলাম সিদ্দিকী; শেরপুর পৌরসভায় থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম; ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি আকতার আলম।