সাত বিভাগে শিক্ষক নেই
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক-সংকটের কারণে শিক্ষার্থীরা বিপর্যস্ত। কলেজের ১৩টি বিভাগের মধ্যে সাতটি বিভাগে কোনো শিক্ষকই নেই। এ ছাড়া অন্যান্য বিভাগেও দীর্ঘদিন ধরে শিক্ষক-সংকট চলছে। এতে কলেজের প্রায় ৯০০ শিক্ষার্থীর পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে।কলেজ সূত্রে জানা গেছে, কলেজে শিক্ষকের ১৯টি পদ আছে। কিন্তু বর্তমানে শিক্ষক আছেন সাতজন। বাংলা, হিসাববিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত বিভাগে কোনো শিক্ষক নেই। সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর ধরে এ পদগুলো শূন্য রয়েছে।সূত্র জানায়, শিক্ষক-সংকটের কথা জানিয়ে ২০০৯ সাল থেকে চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অর্ধশত আবেদন করেছে। এর পরও কোনো শিক্ষক পাওয়া যায়নি। উপরন্তু যেসব শিক্ষক অন্যত্র বদলি হয়ে গেছেন; সে পদগুলোও শূন্য রয়েছে। কলেজের অধ্যক্ষ মো. ওবায়েদ উল্লাহ বলেন, ‘অর্ধশত আবেদনের পরও শিক্ষক পাচ্ছি না। শিক্ষার্থীদের মুখের দিকে তাকালে আমার কষ্ট হয়।’