সাত বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা নেননি শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র বেতন স্কেলের দাবি এবং অর্থমন্ত্রীর ‘শিষ্টাচারবহির্ভূত’ মন্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দেশের সাতটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
গত সোমবার মন্ত্রিসভায় নতুন অনুমোদিত জাতীয় বেতনকাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদাহানি ও অবমূল্যায়ন করা হয়েছে—এমন দাবিতে গত মঙ্গলবার কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকেরা। এই কর্মবিরতিকে ‘যুক্তিহীন’ দাবি করে ওই দিনই শিক্ষকদের ওপর ক্ষোভ ঝাড়েন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে। অর্থমন্ত্রীর এই বক্তব্যে গতকাল বুধবার ক্ষুব্ধ হয়ে ওঠেন এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলনকে বিএনপি সমর্থন করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। গতকাল জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি গ্যালারিতে এক জরুরি সভা করে দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেন শিক্ষকেরা। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার শরীফুল ইসলাম। এতে বিভিন্ন অনুষদের ১৩২ জন শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। পরে শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। বেলা দেড়টার দিকে কৃষি অনুষদের তৃতীয় বর্ষের কিছু শিক্ষার্থীর ক্লাস টেস্ট হওয়ার কথা থাকলেও শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচির কারণে তা হয়নি।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দিনভর কর্মবিরতি পালন করেছেন। তাঁরা প্রশাসনিক ভবনের সামনে সারা দিন অবস্থান করেন। এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক তপন কুমার সরকার। তাঁরা দাবি মেনে নিয়ে স্বতন্ত্র বেতনকাঠামো ঘোষণার দাবি জানান। তাঁরা বলেন, দাবি মানা না হলে কঠোর আন্দোলন করা হবে। বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবারও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকেরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়: অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে শিক্ষকেরা তাঁর এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এইচ এম আক্তারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: অর্থমন্ত্রীর ‘শিষ্টাচারবহির্ভূত’ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অর্থমন্ত্রীর এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। শিক্ষকেরা বলেন, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান না থাকার কারণেই অর্থমন্ত্রী এ ধরনের মন্তব্য করে শিক্ষকদের ছোট করেছেন। মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজ প্রমুখ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল, মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন। এর আগে বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন। শিক্ষকেরা ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরের সামনের সড়কে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলা হয়, অষ্টম বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবিতে গতকাল পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। ৪২তম ব্যাচের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। আজ বৃহস্পতিবারও কর্মবিরতি পালন করবেন শিক্ষকেরা।
খুলনা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে অর্থমন্ত্রী যে বিরূপ ও আপত্তিকর মন্তব্য করেছেন, তাতে শিক্ষক সমিতি ক্ষুব্ধ, বিস্মিত ও মর্মাহত। পাশাপাশি শিক্ষক সমিতি মনে করে, সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অর্থমন্ত্রীর এ ধরনের অসংলগ্ন মন্তব্য করা সমীচীন হয়নি।