সাত বিশ্ববিদ্যালয়ের ১৩ ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি দুই নম্বর সড়কের শুরু থেকে জিগাতলা হয়ে ২৭ নম্বর পর্যন্ত প্রধান সড়কে সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৩টি ক্যাম্পাস রয়েছে। আশপাশের অলিগলিতে রয়েছে আরও বেশকিছু ক্যাম্পাস। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে এই আবাসিক এলাকার ভাড়া বাড়িতে।নামীদামি স্কুল-অধ্যুষিত ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের ঘন ঘন ক্যাম্পাস গড়ে ওঠায় এলাকাবাসী অতিষ্ঠ। অফিস সময় তীব্র যানজট আর দিনের অন্যান্য সময় চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারগুলোতে আসা রোগীদের ভোগান্তির সীমা থাকে না।আলাউদ্দিন আহমেদ নামের একজন বাসিন্দা বলেন, একসময় এ এলাকার আবাসিক চেহারা থাকলেও এখন আর নেই। অনেক স্কুলের পাশাপাশি এখন গড়ে উঠছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ কারণে সারা দিন এ এলাকায় ব্যাপক যানজট লেগে থাকে।শিশু-কিশোরদের লেখাপড়ায় বিঘ্ন হয় জানিয়ে কাকলী উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা জাহানারা পারভীন বলেন, আশপাশে অনেক বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার কারণে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে অসুবিধা হয়। দিনের বেশির ভাগ সময় যানজট লেগে থাকে।সরেজমিন ঘুরে দেখা যায়, নিচে মার্কেট, ব্যাংক, হোটেল-রেস্তোরাঁ অথবা মেডিকেল সেন্টার আর ওপরে একটি কিংবা দুটি ফ্লোর ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করা হয়েছে। সড়কের এপার-ওপার, পাশাপাশি বাড়িতে কিংবা দুই-তিন বাড়ি পরপর এসব বিশ্ববিদ্যালয়ের অবস্থান।ধানমন্ডি দুই নম্বর সড়কে পপুলার হাসপাতালের পাশে ছয়তলা নিজস্ব বাড়িতে রয়েছে দারুল ইহসান ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ। জিগাতলা বাসস্ট্যান্ড থেকে খানিক সামনে এগোলেই একের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়। ধানমন্ডি ৪/এ সড়কের ১৪৯/১ নম্বরে ছয়তলা বাড়ির পঞ্চম ও ষষ্ঠ তলায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। মাত্র তিনটি ভবন পরে রাস্তার বিপরীতে প্রধান সড়কের পাশে নিজস্ব ভবনে রয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউএলএবি)। এর বিপরীতে একটি মার্কেটের ওপরে তৃতীয় তলায় ভাড়া ভবনে নর্দার্ন ইউনিভার্সিটি। লাগোয়া পাশের ভবনে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ক্যাম্পাস।ধানমন্ডি লেকলাগোয়া আনাম-র‌্যাংগস প্লাজাজুড়ে মার্কেট থাকলেও পঞ্চম তলায় রয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন ও স্থাপত্য বিভাগ। খানিক এগিয়ে রাস্তার বিপরীতে নিজস্ব ভবনে লিবারেল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউএলএবি) ক্যাম্পাস। রাস্তার ঠিক বিপরীতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ক্যাম্পাস। এরপর মাত্র দুটি ভবন ও একটি রাস্তা পার হয়ে নিজস্ব ভবনে গড়ে উঠেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস। রাস্তার বিপরীতে কেয়ারি প্লাজায় স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি, বাণিজ্য ও সাংবাদিকতা বিভাগের ক্যাম্পাস।ধানমন্ডির সাতমসজিদ রোডের ৭৪৪ নম্বর বাড়িতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়। মাত্র সাতটি ভবন পরে ভাড়া বাড়িতে একই বিশ্ববিদ্যালয়ের আরেকটি ক্যাম্পাস। শংকর পার হয়ে ধানমন্ডি ২৭ নম্বরের মাথায় নিজস্ব ভবনে রয়েছে স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাস। নাম প্রকাশ না করার শর্তে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্থানসংকুলান হয় না বলে একাধিক স্থানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জন্য ক্যাম্পাস খোলা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাস থাকায় কোনো সমস্যা হচ্ছে না।