সাত বিষয়ে শিক্ষক নেই, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি মহিলা কলেজে সাতটি বিষয়ে কোনো শিক্ষক নেই। অথচ এখানে ভর্তি হওয়া উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠ্যসূচিতে এসব বিষয় রয়েছে। শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ছাত্রীরা এসব বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, এখানে ব্যবস্থাপনা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ভূগোল, পরিসংখ্যান, মনোবিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে কোনো শিক্ষকের পদ সৃষ্টি হয়নি। খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনো রকম শিক্ষার্থীদের পাঠদান চালানো হচ্ছে।
কলেজের প্রধান সহকারী মো. সালেহ উদ্দিন আহাম্মদ বলেন, এ কলেজে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হয়। বর্তমানে দ্বাদশ শ্রেণিতে ২১০ জন ও একাদশ শ্রেণিতে ২৬৮ জন শিক্ষার্থী রয়েছে। এদের পাঠদানের জন্য কেবল হিসাববিজ্ঞান বিভাগে একজন সহযোগী অধ্যাপক রয়েছেন। ব্যবসায় শিক্ষা বিভাগের অধীন হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিষয় রয়েছে। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ খণ্ডকালীন শিক্ষক দিয়ে ওই বিষয়গুলোর ক্লাস চালিয়ে যাচ্ছে।
২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণিতে ভূগোল, পরিসংখ্যান, মনোবিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিষয় চালু করা হয়েছে। ১০৫ জন শিক্ষার্থী ওই চারটি বিষয় নিয়েছে। গত ১ জুলাই থেকে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। অথচ এসব বিষয়ে কলেজে কোনো শিক্ষক নেই। এ কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।
একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঁচজন ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলে, কলেজ কর্তৃপক্ষ নতুন বিষয়গুলো নেওয়ার জন্য তাদের চাপ দিচ্ছে। এ কারণে তারা বিষয়গুলো নিয়েছে। কিন্তু এখন ক্লাস করতে গিয়ে ওই বিষয়গুলোর শিক্ষক দেখা যাচ্ছে না।
কলেজের অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব জানান, চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন বিষয়গুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খণ্ডকালীন শিক্ষক দিয়ে আপাতত ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষকের পদ সৃষ্টি হলে শিক্ষক আসবেন। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) শিক্ষকের জন্য আবেদন করা হয়েছে।