শিক্ষক-সংকটে কুড়িগ্রামের উলিপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাংলা, ইংরেজি, ভূগোল, জীববিজ্ঞানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় বিদ্যালয়ে এসে ছাত্রীরা যথাযথ জ্ঞানার্জনের সুযোগ পাচ্ছে না।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হয় এবং ১৯৮৭ সালে জাতীয়করণ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৬টি পদ থাকলেও জাতীয়-করণের পর থেকে শিক্ষকেরা সুবিধাজনক বিদ্যালয়ে বদলি হয়ে যাওয়ায় শিক্ষক-সংকট লেগেই আছে। বর্তমানে এ অবস্থা চরম আকার ধারণ করেছে। এখানে সব মিলিয়ে ছাত্রীর সংখ্যা ৫৫০ জন, কিন্তু শিক্ষক রয়েছেন মাত্র ছয়জন।বিদ্যালয় সূত্র জানায়, শিক্ষকের ১৬টি পদের মধ্যে ১১টিই শূন্য। এগুলো হলো: প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ইংরেজি, শরীরচর্চা, বাংলা, ভূগোল, বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। এ ছাড়া গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) এবং কর্মচারীর চারটি পদের মধ্যে একটি শূন্য রয়েছে।নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রী নুসরাত জাহান, হাবিবা সুলতানা এবং মানবিক শাখার শারমীন আক্তার জানায়, দুই ঘণ্টার বেশি ক্লাস না হওয়ায় খেলাধুলা করে তাদের বাড়ি ফিরতে হয়।সহকারী শিক্ষক আখতারুল ইসলাম জানান, শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় স্বল্পসংখ্যক শিক্ষক দিয়ে সব শিক্ষার্থীর পাঠদান সম্ভব হয় না। এ ছাড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুটি করে শাখা রয়েছে। এ জন্য মোট ছয়জন শিক্ষকের প্রয়ো-জন। আবার নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত দুটি করে শাখা রয়েছে। এ ছাড়া কম্পিউটার, গার্হস্থ্যবিজ্ঞান, কৃষি, উচ্চতর গণিত, বিজ্ঞান বিষয়ের ক্লাসগুলো আলাদা করে নিতে হলে আরও আটজন শিক্ষকের প্রয়োজন।বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনীরা শিরীন ইংরেজি শিক্ষক না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী নতুন পদ সৃষ্টির চেষ্টা করছি। এ ছাড়া প্রতি মাসে শিক্ষকের প্রয়োজনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’