সাত বীর মুক্তিযোদ্ধাকে মুক্ত আসরের সম্মাননা

একজন নারী মুক্তিযোদ্ধাসহ সাত বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘মুক্ত আসর’। সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন লেখক ও গবেষক মেজর কামরুল হাসান ভূঁইয়া, এ জেড এম সাদেকুর রহমান খান, পদ্মা রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক দেবু চৌধুরী, আবদুল মজিদ, মিঞা মুজিবুর রহমান ও তানেস উদ্দিন আহমেদ।
আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে দেশের শ্রেষ্ঠ সন্তানদের সাতজনকে এই সম্মাননা দেওয়া হয়। প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে থাকে ‘মুক্ত আসর’।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মিঞা মুজিবুর রহমান বলেন, ‘নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়ে যেখানে নেশায় আসক্ত, সেখানে কয়েকজন স্বপ্নবাজ তরুণের গড়া মুক্ত আসরের এই সম্মাননা সত্যিই আমাদের আলোড়িত করে। মুক্ত আসরের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমি আশা করি, এটা যেন প্রতি বছর অব্যাহত থাকে।’
মুক্তিযোদ্ধা পদ্মা রহমান বলেন, ‘আমি নারী হওয়ার কারণে আমাকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আমি হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা করার সময় অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছি, যাঁরা তিন-চারবার আহত হয়ে চিকিৎসা নিয়ে আবার যুদ্ধ করেছেন। আজকের এই তরুণদের দেখে আমার তাঁদের কথা মনে পড়ছে। তরুণদের এ রকম উদ্যোগ আমাদের মুক্তিযুদ্ধের গৌরবকে আরও উজ্জ্বল করে।’
মুক্ত আসরের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উত্তরীয়, ক্রেস্ট, বই, স্যুভেনির তুলে দেন মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান, বীর প্রতীক, শিশুসাহিত্যিক ও শব্দসৈনিক আখতার হুসেন, মনোরোগ চিকিৎসক-লেখক মোহিত কামাল, বিদ্যা প্রকাশের স্বত্বাধিকারী মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খোকা। এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রাশেদুল রহমান, পরামর্শ রাশেদুল আলম, সহসভাপতি সাহাদাত পারভেজ, সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক চাকমা, অর্থ সম্পাদক উন্মে নূর কণা, প্রকাশনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, শাহীন তালুকদা, উজ্জ্বল হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
‘ধনধান্য পুষ্পভরা’ গানটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ।