সাত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মিরসরাইয়ে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বিমা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমরআলী বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বাবুল সওদাগর ও বিধান বড়ুয়া নামের দুজন আহত হন।
ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কমরআলী শাখার কর্মকর্তা এস এম জসীম উদ্দিন ও স্থানীয় আলাউদ্দীন জানান, ছাত্রলীগ-যুবলীগের ৭০-৮০ জন নেতা-কর্মী অস্ত্রশস্ত্র নিয়ে গতকাল দুপুরে কমরআলী বাজারে মিছিল করেন। মিছিল শেষে তাঁরা বিমা অফিসে ভাঙচুর করেন ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করে দেন। এ সময় তাঁরা অফিসের ক্যাশিয়ার বিধান চন্দ্র বড়ুয়াকে মারধর করেন। এরপর তাঁরা সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেন এবং মালামাল বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেন।
উপজেলা ছাত্রলীগের একাংশের আহ্বায়ক মাইনুর ইসলাম হামলা-ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা জড়িত নন বলে জানান। বরং বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছেন বলে তিনি পাল্টা অভিযোগ করেন।