৩৫০টি ভুয়া ক্রেডিট ও ডেবিট কার্ড বানিয়ে সেগুলো দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে প্রায় দুই কোটি টাকা তুলে নিয়েছেন জালিয়াত চক্রের সদস্যরা। প্রায় তিন বছরে এই টাকা তোলা হয়। চক্রটির গ্রেপ্তার হওয়া চারজন রিমান্ডে এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ওই চারজনকে গত মঙ্গলবার গ্রেপ্তারের পর বুধবার আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। রিমান্ডে থাকা চারজন হলেন জালিয়াত চক্রের দলনেতা মো. সেলিম (৪২), আরিফ হোসেন খান (৩৮), মঞ্জুরুল হক (৩০) ও আসাদুল ইসলাম (৩০)। তাঁদের মধ্যে সেলিম ও আরিফ প্রযুক্তি প্রকৌশলী, বাকি দুজন ছিলেন ব্যাংক কর্মকর্তা।তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানান, ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াত চক্রের এই সদস্যরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তাঁদের ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ বিদেশ থেকে এক হাজার ২০০টি এটিএম বুথের জন্য যন্ত্র আনে এবং সেগুলো স্থাপন করে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁরা কয়েক শ এটিএম কার্ডের তথ্য সংগ্রহ করে তার মাধ্যমে ৩৫০টি ভুয়া ক্রেডিট ও ডেবিট কার্ড তৈরি করেন। ভুয়া কার্ড বানানোর তথ্য ফাঁস হয়ে গেলে ব্যাংক সতর্ক হয়ে যাবে এমন আশঙ্কায় তাঁরা কার্ড বানানোর তিন থেকে পাঁচ দিনের মধ্যে এসব কার্ড ব্যবহার করে রাজধানীর বিভিন্ন স্থানের এটিএম বুথ থেকে টাকা তোলেন।মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত উত্তরা, গুলশান ও মতিঝিলে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে উত্তরা, গুলশান ও তেজগাঁও থানায় তিনটি মামলা করা হয়। তেজগাঁও থানায় করা মামলায় তাঁদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল ছিল রিমান্ডের প্রথম দিন।ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান গতকাল বলেন, রিমান্ডে কার্ড জালিয়াত চক্রের সদস্যরা জানিয়েছেন, ব্যাংকের কর্মীদের যোগসাজশে তাঁরা প্রায় তিন বছরে ভুয়া কার্ড তৈরি করে সেগুলো দিয়ে টাকা তুলেছেন। তাঁরা সহযোগীদের নামও বলেছেন। তিনি বলেন, এটিএম বুথে স্থাপিত ব্যয়বহুল যন্ত্র সরিয়ে ফেলাও সম্ভব নয়। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মীরা সংশোধন না হলে এমন জালিয়াতি প্রতিরোধ করা দুরূহ ব্যাপার।