সাত ভাইসহ ৮জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার মজিদ সরদার নামের এক কৃষককে হত্যার দায়ে সাত ভাইসহ ৮জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার ওই ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কেশবপুর উপজেলার মধ্যকুল মাঝের পাড়া গ্রামের তাজ উদ্দিন সরদার, রফিকুল ইসলাম সরদার, সিদ্দিকুর রহমান সরদার, আমজাদ সরদার, আব্দুল গনি সরদার, নজরুল ইসলাম সরদার ও মাসুদ সরদার। অন্য আসামি হলেন তাঁদের ভাইপো সিদ্দিকুর রহমান সরদারের ছেলে আসাদুজ্জামান লিটন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে মধ্যকুল মাঝের পাড়া গ্রামের বাড়িতে মশিউর রহমান ও তাঁর স্ত্রী শাহিদা বেগমকে লাঠিসোঁটা দিয়ে মারধর করতে থাকেন আসামিরা। এ সময় মশিউরের ভাই মজিদ সরদার বাধা দিলে আসামিরা তাঁকেও বেধড়ক মারধর করে আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিন বিকেলেই চিকিৎসাধীন অবস্থায় মজিদ সরদার মারা যান। এ ঘটনায় মজিদ সরদারের ছেলে মো. বাবুল রানা বাদী হয়ে ১১জনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ওই থানার উপপরিদর্শক নারায়ণ চন্দ্র ঘোষ ২০১০ সালের ১৩ মার্চ ওই ৮জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মামলাটি যশোরের আদালত থেকে বিচারের জন্য খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।