সাত ভুয়া চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান চালিয়ে সাতজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযানে আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন গাউসুল আযম, ফেরদৌস রহমান, সৌমেন মিত্র, ইব্রাহিম বাহাদুর, কান্তি লাল, পঞ্চানন মহলী ও অনুপ মিত্র।
আদালত পরিচালনা করেন র‌্যাব-৬-এর ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ ও খুলনা সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসা কর্মকর্তা মো. মাসুদ সাত্তার।
আনোয়ার পাশা বলেন, গাউসুল আযমকে নয় মাসের জেল, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল; মিমি নার্সিং হোমের চিকিৎসক ফেরদৌস রহমানকে দুই বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল; এন ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক সৌমেন মিত্রকে নয় মাস জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল; রংধনু ক্লিনিকের চিকিৎসক ইব্রাহিম বাহাদুরকে নয় মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল; কান্তি লালকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল; খুলনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক পঞ্চানন মহলীকে দুই বছরের জেল ও দুই লাখ অনাদায়ে আরও তিন মাসের জেল এবং সেবা ক্লিনিকের চিকিৎসক অনুপ মিত্রকে দুই বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল দেওয়া হয়েছে।
এনামুল আরিফ বলেন, ‘চট্টগ্রামে র‌্যাবের অভিযানে আটজন ভুয়া চিকিৎসক আটক করা হয়। ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বাংলাদেশে ২৫০ জন ভুয়া চিকিৎসক রয়েছেন। ওই চিকিৎসকেরা তাঁদের নামের পাশে এমবিবিএস, এমডি, পিএইচডি, পিজিটি প্রভৃতি ডিগ্রি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। ওই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। চিকিৎসা দেওয়া অবস্থায় তাঁদের আটক করা হয়েছে। পরে তাঁদের জরিমানা করে জেলহাজতে পাঠানো হয়েছে।’