সাত ভোট পাওয়া আলিম এবার মেয়র পদপ্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই পৌরসভার ২০০২ সালের নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড থেকে কমিশনার (বর্তমানে কাউন্সিলর) পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র সাত ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন বাউণ্ডুলে তরুণ আবদুল আলিম। নিজের পরিবারে ভোটার সংখ্যা নয়জন হলেও সাত ভোট পাওয়ার বিষয়টি তখন সবার আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সেই আবদুল আলিম এবারও প্রার্থী হয়েছেন। তবে এবার তিনি কাউন্সিলর পদে নয়, মেয়র পদে। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র দাখিল করে ভোটারদের দোয়া চাইতে মাঠে নেমেছেন। এ নিয়ে ভোটারদের মধ্যে তাঁকে নিয়ে দারুণ শোরগোল পড়ে গেছে। চাল-চুলোহীন আলিমের জামানতের টাকা, প্রচার-প্রচারণা, পোস্টার-লিফলেট থেকে শুরু করে নির্বাচনী সব খরচ জোগান দেওয়ার ঘোষণা দিয়েছেন নিজ মহল্লা আঁওড়ার লোকজন।আঁওড়া মহল্লার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সহায়-সম্বল বলতে মাথা গোঁজার মতো একটা কুঁড়েঘর আছে আলিমের। চার ভাইয়ের মধ্যে অন্যরা কেউ ভ্যান-রিকশা চালিয়ে, কেউ দিনমজুরি দিয়ে জীবিকা নির্বাহ করেন। স্বভাবে বাউণ্ডুলে হলেও এলাকায় কেউ বিপদে পড়লে বা কোথাও অন্যায় কিছু হতে দেখলেই ছুটে যাওয়া আলিমের পুরোনো স্বভাব। বাজার সওদা করে দেওয়া, ফুটফরমায়েশ করে দেওয়ার বিনিময়ে পরিচিতজনেরা আলিমের হাতে যে টাকা তুলে দেন, তা দিয়েই চলে তাঁর সংসার। অন্যের সহযোগিতায় আলিমের একমাত্র মেয়ে মৌসুমী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ালেখা করছে।আবদুল আলিম প্রথম আলোকে বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে একা পেরে না ওঠে ভোটের যুদ্ধে নেমেছি। আমার কিছু না থাকলেও ভোটাররা আছেন।’