সাত মাদক পাচারকারীকে ধরে ছেড়ে দিয়েছে পুলিশ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া গ্রাম থেকে সাতজন মাদক পাচারকারীকে ধরে আবার ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার সকালে টাকার বিনিময়ে পুলিশ এদের ছেড়ে দেয় বলে অভিযোগ পাওয়া যায়। এর আগের দিনও একজনকে ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসী জানান, পদুয়া রাজারহাট পুলিশ ক্যাম্পের সদস্যরা গত রোববার রাত আটটায় ইউনিয়নের পূর্ব খুরুশিয়া গ্রাম থেকে মিডাথুগ্যা মারমা (৪০), আবদুল হক (৪০), নিরু দে (৪২), রাজীব দে (২৮), সমীর দে (৪০), রুপম দে (৩২) ও রহিম উদ্দিনকে (৪২) ধরে নিয়ে যান। তাঁদের কাছ থেকে প্রায় ৩৬ লিটার পাহাড়ি মদ উদ্ধার করেন। কিন্তু সকাল নয়টায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, টাকার বিনিময়ে রাজারহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ মদসহ আটক করার পরও ছেড়ে দেন। এর আগের দিন পশ্চিম খুরুশিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে আজগর আলীকে (২৬) মদসহ গ্রেপ্তার করে ছেড়ে দেয় পুলিশ।পদুয়া রাজারহাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আয়াতুল্লাহ প্রথম আলোকে বলেন, গোপন সংবাদে খবর পেয়ে তাঁদের আটক করা হয়। ওই সময় তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। কিন্তু তাঁদের কাছে কোনো মদ পাওয়া যায়নি। ফলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।