সাত মামলায় রফিকুল ইসলাম মিয়ার আগাম জামিন
নাশকতার সাত মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এসব মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।
গতকাল আদালতে এসব জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রফিকুলের পক্ষে আরও ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও এম মাহবুব উদ্দিন খোকন।
রফিকুল ইসলাম মিয়ার জামিনের আবেদন জমাদানকারী আইনজীবী রাগীব রউফ চৌধুরী জানান, তাঁরা আটটি মামলায় জামিনের আবেদন করেছেন। এর মধ্যে রাজধানীর মিরপুর থানায় ছয়টি এবং পল্লবী ও যাত্রাবাড়ী থানায় একটি করে মামলায় জামিনের আবেদন করা হয়। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়েছিল। এর মধ্যে মিরপুর ও পল্লবী থানার সাতটি মামলায় শুনানি শেষে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন আদালত।