সাত মামলায় বরকত উল্লাহর জামিন
নাশকতার অভিযোগে করা পৃথক সাত মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আজ রোববার জামিন পেয়েছেন।
জামিন চেয়ে করা বিএনপির এই নেতার আবেদনের ওপর শুনানি হয় আজ। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
আদালতে বরকত উল্লাহর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব।
সাকিব মাহবুব জানান, সাত মামলায় জামিন পেলেও আরও মামলা থাকায় এই মুহূর্তে বরকত উল্লাহ কারামুক্তি পাচ্ছেন না। তিনি প্রথম আলোকে বলেন, বরকত উল্লাহর বিরুদ্ধে করা ৫৪টি মামলা রয়েছে। এর মধ্যে ১৯টির জন্য জামিন আবেদন করা হয়েছে।
আইনজীবী সূত্র বলেছে, পৃথক মামলায় এর আগে গত ১৮ মে বরকত উল্লাহ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় করা চারটি এবং মতিঝিল, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানায় একটি করে করা মামলায় তাঁর জামিন আবেদনের শুনানি হয়।