সাত মামলায় সাত শ্রমিক নেতার আগাম জামিন
শ্রমিক বিক্ষোভের ঘটনায় দায়ের করা সাতটি মামলায় সাত শ্রমিক নেতার আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। চারটি মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত এবং তিনটি মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়। গতকাল বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।জামিন পাওয়া শ্রমিক নেতারা হলেন: আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইল, বজলুর রশিদ ফিরোজ, মোশরেফা মিশু, বাহারাইন সুলতান, কে এম রুহুল আমিন, তুহিন চৌধুরী ও খায়রুল মামুন। একই সঙ্গে আদালত কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। জানা যায়, সম্প্রতি শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৩০ জুলাই ভাঙচুর, চশমার দোকান থেকে চশমা ছিনতাই ও লুটপাটের অভিযোগে আশুলিয়া থানায় একটি, আদাবর থানায় দুটি, তেজগাঁও থানায় তিনটি ও গুলশান থানায় একটি মামলা করা হয়। গতকাল শ্রমিক নেতারা এসব মামলায় হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান।