সাত মাস আগে সেতুটি হলেও দুর্ভোগ ঘোচেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট-সিমেন্টের শক্ত গাঁথুনির ওপর ভর করে যমুনেশ্বরী নদীর রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কাসিয়াবাড়ী খেয়াঘাটে একটি সেতু দাঁড়িয়ে আছে। এ দৃশ্য দেখে দূর থেকে এলাকাবাসীর সুবিধার কথা ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়াই যেতে পারে, কিন্তু কাছে গেলেই টের পাওয়া যায়, এ সেতু এলাকাবাসীর জন্য সুখ বয়ে না এনে ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে। সাত মাস আগে সেতুটির নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না হওয়ায় এটি কোনো কাজেই আসছে না।
উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্র জানায়, কাসিয়াবাড়ী বাজারের কাছে অবস্থিত ৮০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণের জন্য ২০১০ সালের অক্টোবরে এক কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সেতুটির কাজ পায় লালমনিরহাটের হাকিম ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সংযোগ সড়ক ছাড়াই গত ফেব্রুয়ারিতে এটির কাজ শেষ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সেতুটি সমতল থেকে এত উঁচু যে যানবাহন চলাচল তো দূরের কথা, সেতুটির জন্য এখন আরও বেকায়দায় পড়েছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, আগে এখানে বাঁশের সাঁকো ছিল। তা দিয়েও কোনোমতে এপার-ওপার হতে পারতেন তাঁরা। এখন তা-ও পারছেন না। এ পথে কাসিয়াবাড়ী, খলেয়া, উজিয়াল, পারঘাট, ডাঙ্গীরহাট, বুড়িরহাট, চান্দের পুকুর, নদীরপার, রহিমাপুর, জয়বাংলা, রামপুরা, পলাশবাড়ীসহ স্থানীয় ৬০টি গ্রামের ৭০ হাজার মানুষকে যাতায়াত করতে হয়।
কাসিয়াবাড়ী গ্রামের আফজাল হোসেন জানান, সাত মাস আগে সেতুটি হলেও সংযোগ সড়ক না থাকায় এটি উল্টো এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উজিয়াল গ্রামের কামাল হোসেন বলেন, ‘পাকা সেতু হওয়ায় আমরা ভেবেছিলাম এখন যানবাহনে মালামাল পরিবহন করা যাবে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এখন তো ওই নদী পারাপারই কঠিন হয়ে পড়েছে। এখন নয় কিলোমিটার পথ ঘুরে ব্যবসায়িক কাজে উপজেলা সদরে মালামাল নিতে হচ্ছে।’
সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ‘ঠিকাদারকে বহুবার অনুরোধ করেছি। তিনি কথাও দিয়েছেন। কিন্তু এখনো সংযোগ সড়ক না করায় আমাকে প্রতিনিয়ত মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।’
ঠিকাদার জয়নাল আবেদীন বলেন, ‘এখনো কাজের বিল তুলিনি। এ মাসের মধ্যেই সেতুর সংযোগ সড়কটি তৈরি করে দেব। তখন আর সমস্যা থাকবে না।’
উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, ঠিকাদারকে চাপ দেওয়া হয়েছে। তিনি এ মাসে সংযোগ সড়ক তৈরি করে দেবেন বলে কথা দিয়েছেন।