সাত মাস আটকে আছে ১৫ আনসারের বেতন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকারী ১৫ আনসার সদস্যের সাড়ে পাঁচ মাসের বেতন সাত মাস ধরে আটকে আছে।
ভুক্তভোগী ওই সব আনসার সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর ওই মেডিকেল কলেজে হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় অঙ্গীভূত ওই আনসার সদস্যদের। তাঁদের মাসিক ভাতা ধরা হয়েছিল প্লাটুন কমান্ডার (পিসি) ও সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) সাড়ে নয় হাজার টাকা এবং প্রতি সিপাই সাড়ে আট হাজার টাকা। কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকে তাঁদের কাউকে কোনো টাকা দেওয়া হয়নি। তাঁদের মধ্যে মো. বদিউজ্জামান পিসি ও ইশারাত হোসেন এপিসি হিসেবে কর্মরত ছিলেন। বাকিরা ছিলেন সাধারণ সেপাই। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বেতন-ভাতা না দিয়েই গত বছর ১০ জুন তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। অব্যাহতির পর প্রায় সাত মাস পার হলেও তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।
আনসার সদস্য ও সিপাই মাগুরার শ্রীপুরের গোপালপুর গ্রামের মো. ফিরোজ হোসাইন বলেন, ‘ওই টাকা না পেয়ে আমি মানবেতর জীবন যাপন করছি। আমার বাবা পক্ষাঘাতগ্রস্ত। তাঁর পেছনে অনেক খরচ। এ ছাড়া স্ত্রী ও ভাইবোন মিলিয়ে সংসারে ছয়জনের খরচ মেটাতে পারছি না। ধার-দেনা করে চলতে হচ্ছে।’
পিসি ভাঙ্গার আলগী ইউনিয়নের সাহমৌলভী গ্রামের মো. বদিউজ্জামান বলেন, ‘বাড়ির সবাই জানে আমি চাকরি করি। আমার আয়-রোজগার কেমন তা কেউ জানে না। কাউকে বলতেও পারছি না। সুদে টাকা এনে সংসার চালতে হচ্ছে। এক ভাই ভাঙ্গার কে এম কলেজে পড়ে, স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে অনেক কষ্টে বেঁচে আছি।’
আনসার ভিডিপির জেলা আনসার কমাড্যান্ট মো. সাইফুজ্জামান বলেন, তাঁরা অঙ্গীভূত আনসার সদস্য। সরকারের পক্ষ থেকে তাঁদের রেশন ও অস্ত্র দেওয়া হয়। বেতন দেবে যে প্রতিষ্ঠানে কাজ করবেন তাঁরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশে ও প্রধান কার্যালয়ে অনুমোদন নিয়ে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর তাঁরা ওই হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব পালন করতে যান। সাড়ে পাঁচ মাস খাটিয়ে কোনো বেতন-ভাতা না দিয়ে গত জুন মাসে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের বিদায় করে দেয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (সুপার) গণপতি বিশ্বাস বলেন, নিরাপত্তার দায়িত্ব পালনকারী ওই আনসার সদস্যদের ভাতার বিষয়টি হাসপাতালের চলমান প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে তহবিল (ফান্ড) পাওয়া সাপেক্ষে ওই আনসারদের বকেয়া দেওয়া হবে। তবে কবে নাগাদ এ সমস্যার সমাধান হতে পারে—এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।