দীর্ঘ সাত মাস তদন্তের পরও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যের পূর্ণাঙ্গ ঠিকানা খুঁজে বের করতে পারেনি পুলিশ। তাঁদের গ্রেপ্তার করাও সম্ভব হয়নি। এ কারণে চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্রে তিন আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। অথচ মামলার এজাহারে অন্য
দুই আসামির সঙ্গে তাঁদের নাম ছিল।
অব্যাহতির সুপারিশ করা তিন আসামি হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী এলাকার তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী ও ঢাকার ইরাকি মাঠ এলাকার শামীম রেজা।
২০১৬ সালের ২৮ জুলাই চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার একটি ভাড়া বাসায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আবদুল হান্নান ওরফে আবদুল্লাহ ওরফে লাদেন ও জাবেদ আহমেদকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। তাঁরা দুজন এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অভিযানের সময় পালিয়ে যান তাঁদের সহযোগী আরও ১০-১২ জন। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে ওই তিনজনকেও আসামি করা হয়।
মামলাটির তদন্ত করেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এসআই রাজেস বড়ুয়া। তিনি গ্রেপ্তার দুই আসামিকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, হান্নান দিনাজপুর মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁকে সংগঠন চালানোর জন্য আর্থিক সাহায্য দিতেন শামীম রেজা। গ্রেপ্তার হওয়ার কয়েক দিন আগে হান্নান চট্টগ্রামে আসেন। সংগঠনের সবাই তাঁকে আবদুল্লাহ নামে চিনতেন। আনসারুল্লাহ বাংলা টিমের চট্টগ্রামের সদস্যদের আরও সংগঠিত করে শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে সেদিন হান্নানের নেতৃত্বে আসামিরা গোপন বৈঠকে মিলিত হন। তৌহিদুল ইসলাম, মেহেদী ও শামীম রেজা ওই বৈঠকে ছিলেন। কিন্তু গ্রেপ্তার হওয়া দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করে ওই তিনজনের প্রকৃত নাম জানা যায়নি। ঠিকানাও পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজেস বড়ুয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুই আসামি ওই তিনজনকে ছদ্মনামে চিনতেন। এ কারণে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তদন্তে জঙ্গিদের শনাক্ত করতে না পারলে তা ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ না করে মামলাটি পুনঃ তদন্তের জন্য আদালতে আবেদন করবেন তাঁরা।