সাত মাস ধরে জলাতঙ্ক প্রতিষেধক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা সদর হাসপাতালে সাত মাস যাবৎ জলাতঙ্ক প্রতিষেধক নেই। এ কারণে কুকুর, শিয়াল, বিড়ালসহ বিভিন্ন পশুর কামড়ে আহত ব্যক্তিরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জীবন বাঁচাতে তাঁরা বাইরে থেকে উচ্চমূল্যে প্রতিষেধক কিনতে বাধ্য হচ্ছেন।
হাসপাতালের কর্মকর্তা সূত্রে জানা গেছে, সর্বশেষ গত বছরের আগস্ট মাসে কেন্দ্রীয় ঔষধাগার থেকে দুই হাজার জলাতঙ্ক প্রতিষেধক দেওয়া হয়েছিল। কিন্তু অল্প দিনেই সেগুলো শেষ হয়ে যায়।
সম্প্রতি এই প্রতিবেদক হাসপাতালে গেলে জলাতঙ্ক বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জ্যেষ্ঠ সেবক শাহাদাত হোসেন বলেন, প্রতিদিন এখানে গড়ে অর্ধশত লোক জলাতঙ্কের প্রতিষেধক নিতে আসেন। কিন্তু না থাকায় তাঁদের বাইরে থেকে প্রতিষেধক কিনতে হচ্ছে। তিনি আরও বলেন, কুকুর, বিড়াল বা শিয়ালের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে সাধারণত চারটি জলাতঙ্ক প্রতিষেধক নিতে হয়। এ প্রতিষেধকের প্রতিটির সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা। তাই একজন রোগীকে দুই হাজার টাকা ব্যয় করতে হয়।
কুকুরের কামড়ে আহত শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের মোশারফ হোসেন হাসপাতালে এসে প্রতিষেধক পাননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি অত্যন্ত গরিব। প্রতিষেধক কেনার সামর্থ্য নেই। জীবন বাঁচাতে ঋণ করে প্রতিষেধক কিনে এনেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, মূলত সরকারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনা মূল্যে জলাতঙ্ক প্রতিষেধক সরবরাহ করা হয়। কিন্তু অনেক সময় সামর্থ্যবান ব্যক্তিরাও হাসপাতাল থেকে বিনা মূল্যে জলাতঙ্ক প্রতিষেধক নেন। এতে দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছে।
শেরপুরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র দে জলাতঙ্কের প্রতিষেধক না থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, দরিদ্র ও অসহায় রোগীদের কথা বিবেচনা করে দ্রুত জলাতঙ্ক প্রতিষেধক সরবরাহের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।