সাত মাস ধরে নিরাপদ হেফাজতে কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মাস ধরে চট্টগ্রামের ফরহাদাবাদের ‘মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ হেফাজতি আবাসন কেন্দ্রে’ রয়েছে এক কিশোরী। গত মার্চ মাসে রাউজান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। ওই কিশোরীকে নিজের মেয়ে দাবি করে আদালতে আবেদন করেছেন এক ব্যক্তি। কিন্তু মেয়েটি বলছে, লোকটি তাঁর বাবা নন। পরে আদালত মেয়েটির পিতৃত্ব নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষার আদেশ দিয়েছেন।

রাউজান থানার সাবেক উপপরিদর্শক (এসআই) বর্তমানে টেকনাফ থানায় কর্মরত শাফায়েত আহাম্মদ প্রথম আলোকে বলেন, গত ২ মার্চ রাত ১১টার দিকে রাউজান পৌরসভার হাজীপাড়া এলাকা থেকে ১৫ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করা হয়। সে তখন জানায় তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। বাবার নাম আবুল কালাম। কিন্তু পরে মেয়েটি দাবি করে তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায়। কথাবার্তায় অসংলগ্ন মনে হওয়ায় মেয়েটিকে পরদিন আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতি কেন্দ্রে পাঠানো হয়।

ফরহাদাবাদের সরকারি নিরাপদ হেফাজতি আবাসন কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্বে) আফজাল হোসাইন বলেন, কিশোরীটি বেশির ভাগ সময় চুপ করে থাকে। তার খোঁজে গত সাত মাসে কেউ আসেনি।

রাউজান থানা থেকে পেকুয়া থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে ওই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খালেদ মোশারফ বিষয়টির তদন্ত করে লিখিতভাবে জানান, কিশোরীর বাবার নাম আবুল কালাম। মায়ের নাম ফরিদা বেগম। চার বছর আগে রাগ করে সে বাড়ি ছেড়ে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পরিবার তার সন্ধান পায়নি।

গত ১৮ মার্চ ওই কিশোরীকে নিজের মেয়ে দাবি করে তাঁর জিম্মায় দিতে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করেন আবুল কালাম। ওই দিনই আদালত কিশোরীর পিতৃত্ব নির্ণয়ের জন্য ডিএনএ পরীক্ষার আদেশ দেন। চট্টগ্রাম জেলা কোর্ট উপপরিদর্শক সামশুল আলম বলেন, কিশোরীর বাবা আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় আদালত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তাদের ডিএনএ পরীক্ষার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে সংস্থার কর্মকর্তারা আর্থিক সহায়তা দিতে বেসরকারি সংস্থা ব্র্যাককে অনুরোধ করে চিঠি দেন।

জানতে চাইলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা চট্টগ্রাম কার্যালয়ের লিগ্যাল এইড সহকারী এরশাদুল ইসলাম বলেন, আদালতের আদেশ পাওয়ার পর ডিএনএ পরীক্ষার জন্য আর্থিক সহায়তার অনুরোধ জানিয়ে ব্র্যাককে চিঠি দেওয়া হলেও তারা এখন পর্যন্ত সাড়া দেয়নি।

এ বিষয়ে ব্র্যাকের আইন-বিষয়ক কর্মকর্তা (চট্টগ্রাম বিভাগ) মো. আলী আকবর গত রোববার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কিশোরীর ডিএনএ পরীক্ষার জন্য টাকার অনুমোদন চেয়ে প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই টাকা দেওয়া হবে।