সাত মাস ধরে মানবেতর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে ভোলার তজুমদ্দিন উপজেলা শহরসহ তিনটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের এ অবস্থা

ভোলার তজুমদ্দিন উপজেলার তিনটি ইউনিয়নে জোয়ারের পানিতে রাস্তার মধ্যে বড় বড় খাল সৃষ্টি হয়েছে। সেখানে মানুষ সাঁকো নয়তো নৌকা দিয়ে পার হতে হচ্ছে। ছবিটি উপজেলার চৌমহনী থেকে ৯ অক্টোবর তোলা l প্রথম আলো
ভোলার তজুমদ্দিন উপজেলার তিনটি ইউনিয়নে জোয়ারের পানিতে রাস্তার মধ্যে বড় বড় খাল সৃষ্টি হয়েছে। সেখানে মানুষ সাঁকো নয়তো নৌকা দিয়ে পার হতে হচ্ছে। ছবিটি উপজেলার চৌমহনী থেকে ৯ অক্টোবর তোলা l প্রথম আলো

ভোলার তজুমদ্দিন উপজেলা শহরসহ তিনটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের জীবনযাপনের চিত্র এটি। এমন মানবেতর জীবন চলছে প্রায় সাত মাস ধরে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে এ অবস্থা তাদের।

সরেজমিনে ঘুরে ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২১ মার্চ ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামুল্যাহ থেকে সোনাপুর ইউনিয়নের বালিয়াকান্দি পর্যন্ত কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছুটে যায়। তাৎক্ষণিকভাবে সংস্কার না করায় পরবর্তী সময়ে জোয়ারে প্রায় তিন কিলোমিটার বাঁধ সম্পূর্ণ বিলীন হয়। এতে উপজেলা শহরের পাশাপাশি চাঁদপুর, সোনাপুর ও মলংচরা ইউনিয়ন প্লাবিত হতে থাকে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় চাঁদপুর ইউনিয়নের চৌমুহনী, বুলাইকান্দি, ভুইয়াকান্দি, তালুকগ্রাম, দেওয়ানপুর, বালিয়াকান্দি, ঘোষের হাওলা, কাজীকান্দি, শশীগঞ্জ, দালালকান্দি, কিয়ামুল্যাহ, দড়িচাঁদপুর, মহাজনকান্দি, পূর্ব চাঁদপুর, সোনাপুর ইউনিয়নের সোনাপুর, দক্ষিণ চাপড়ি, পূর্ব চাপড়ি, ইন্দ্রনারায়ণপুর সৃষ্টিধরগুহ, মহাদেবপুরসহ ২০টি গ্রাম। এলাকার প্রায় তিন হাজার একর খেতের ফসল ও দুই হাজার পুকুরের মাছ ভেসে যায়।

সরেজমিনে গত সপ্তাহের রোববার দেখা যায়, সাত মাসের মাথায়ও গ্রামগুলোর বাড়িঘর জলমগ্ন রয়েছে। জোয়ারের পানিতে ডুবে রয়েছে অনেক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মেঝে, মাঠ ও সড়ক। কাচা রাস্তার পাশাপাশি পিচের পাকা সড়কও ভেঙে গেছে। যোগাযোগবিচ্ছিন্ন হয়ে আছে অনেক এলাকা। পয়োনিষ্কাশনব্যবস্থার বালাই নেই। ঘরের মধ্যে মাচা করে বাস করছে লোকজন। যেখানে থাকা, সেখানেই রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ সারতে হচ্ছে।

ভুইয়াকান্দি গ্রামে সাজানো-গোছানো ঘর-গেরস্থালি ছিল জাহানারা বেগমের। ২১ মার্চের ঝড়-জলোচ্ছ্বাস তাঁর বাড়িসহ গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। কয়েক দিন পর মেঘনা নদী ভিটেটুকুও নিয়ে গেছে। পরিবারের সদস্য ও গরু-বাছুর নিয়ে তিনি ওঠেন একটি সড়কে। বর্তমানে থাকেন পাটওয়ারী বাজারের কাছে। জাহানারা বলেন, ‘টিনের চুলায় এক বেলা রান্দি, তিন বেলা খাই। গত আট মাসে খুটদিয়া ঘর উডাইতাম পারি নাই। আইজ এনে, কাইল ওনে রাইত কাডাই।’

উপজেলা-স্লুইসগেট সড়ক, মোল্লাপুকুর-চৌমুহনী সড়ক, উপজেলা-সি-ট্রাক ঘাট সড়ক, দালালকান্দি-কেয়ামুল্যাহ সড়ক, দেওয়ানপুর-ঘোষেরহাওলা ও পাটওয়ারী বাজার-বালিয়াকান্দি সড়কের কমপক্ষে ৫০টি স্থান পানির তোড়ে ভেঙে গেছে। এসব সড়কে মানুষকে সাঁকো ও নৌকা দিয়ে পার হতে হচ্ছে।

ঘোষের হাওলা গ্রামের হাওলাদারবাড়ির মহিউদ্দিন বলেন, উপজেলা সদর থেকে তাঁর বাড়ি যেতে দুই কিলোমিটার পথে ১৯টি সাঁকো। সাঁকো পার হতে গিয়ে প্রতিদিনই ছাত্রছাত্রী ও নারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপির) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য তৈয়বুর রহমান বলেন, তাঁর ইউনিয়নের সব বিদ্যালয়ে পানি উঠছে। ছাত্রছাত্রীরা আসতে পারছে না। কমিনিউটি ক্লিনিকগুলোতেও পানি উঠছে। মানুষ চিকিৎসা নিতে পারছে না। বড় মলংচরা ইউপির চেয়ারম্যান নুরনবী শিকদার বলেন, সাত মাস ধরে তাঁর ইউনিয়নের মূল ভূখণ্ডের সব বাড়িঘর জোয়ারের পানিতে ডুবে আছে। সোনাপুর ইউপির সচিব মো. নুরনবী বলেন, এ ইউনিয়নের ছয়টি গ্রাম জোয়ারে প্লাবিত হচ্ছে। এসব এলাকার সব সড়কের অবস্থা বেহাল।

তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল্যাহ জসিম বলেন, যথেষ্ট ত্রাণ দেওয়া হয়েছে, তবুও মানুষের ভোগান্তি কমানো যায়নি। সময়মতো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঠিক করা হলে হয়তো জোয়ারের পানি উঠত না, তজুমদ্দিনবাসীকে মাসের পর মাস মানবেতর জীবন কাটাতে হতো না।

ভোলা পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী মো. কাইছার আলম প্রথম আলোকে বলেন, টাকার অভাবে সময়মতো বাঁধ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বাকি করে ১ হাজার ৪০০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়া হয়েছে। আগামী নভেম্বরে এ উপজেলা সংরক্ষণে ৬ হাজার ৫০০ মিটার এলাকায় স্থায়ী বাঁধ দেওয়ার কাজ শুরু হবে।