সাত মাস পর কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে পুনরায় ময়নাতদন্তের জন্য সাত মাস পর কবর থেকে কবদুল শেখের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর দীর্ঘপাড়া গ্রামের রহমানিয়া কবরস্থান থেকে লাশটি তোলা হয়।
মামলার বাদী কবদুল শেখের ছেলে মঞ্জুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট শেরপুরের মুখ্য বিচারিক হাকিম (ভারপ্রাপ্ত) আ ন ম ইলিয়াছ পুনরায় লাশটির ময়নাতদন্ত করার নির্দেশ দেন।
গতকাল লাশ তোলার সময় শেরপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম ফাউজুল কবীর, সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জমি নিয়ে বিরোধের জের ধরে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভূঁইয়ারচর গ্রামের কবদুল শেখকে গত ৪ ফেব্রুয়ারি রাতে প্রতিপক্ষের লোকজন ভীমগঞ্জ বাজার থেকে ডেকে নিয়ে যায়। ৫ ফেব্রুয়ারি রাতে উপজেলার খুনুয়ারচর জঙ্গলদী গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত মৃগী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় কবদুল শেখের লাশ উদ্ধার করা হয়।