সাত মাস পর দেশে এমভি হোপের দুই নাবিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনার সাত মাস পর আন্দামান সাগরের থাইল্যান্ড উপকূলে দুর্ঘটনাকবলিত এমভি হোপ জাহাজের দুজন নাবিকের লাশ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানযোগে মরদেহ দুটি দেশে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে গতকালই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে জাহাজ কর্তৃপক্ষ।
যাঁদের মরদেহ ফিরিয়ে আনা হয়েছে, তাঁরা হচ্ছেন জাহাজের দ্বিতীয় প্রকৌশলী মো. নেজামউদ্দিন ও অয়েলার আলী হোসেন। আলী হোসেনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে এবং নেজামউদ্দিনের বাড়ি আনোয়ারায়।
গত বছরের ৪ জুলাই থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে বাংলাদেশি জাহাজ এমভি হোপ দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনার পর ২০ জুলাই মালয়েশিয়ার লংকাউই উপকূলে স্থানীয় জেলেরা আলী হোসেন ও নেজামউদ্দিনের মৃতদেহ উদ্ধার করেন। ডিএনএ পরীক্ষা শেষে গতকাল মরদেহ দুটি ফেরত পেয়েছে পরিবার।
আজ শুক্রবার নিজ নিজ গ্রামে নিহত নাবিকদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। ওই দুর্ঘটনায় জাহাজের ১৭ নাবিকের মধ্যে নয়জনকে জীবিত পাওয়া যায়। মৃতদেহ পাওয়া যায় চারজনের। জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকারসহ চারজন নাবিক এখনো নিখোঁজ।