সাত মাস পর দেশে দুই নাবিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনার সাত মাস পর থাইল্যান্ড উপকূলে দুর্ঘটনাকবলিত এমভি হোপ জাহাজের দুজন নাবিকের লাশ দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে মরদেহ দুটি দেশে এসে পৌঁছায়।

আনুষ্ঠানিকতা শেষে  আজই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।

যাঁদের মরদেহ ফিরিয়ে আনা হয়েছে, তাঁরা হলেন জাহাজের দ্বিতীয় প্রকৌশলী মো. নেজামউদ্দিন ও অয়েলার আলী হোসেন। আলী হোসেনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে এবং নেজামউদ্দিনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়।

গত বছরের ৪ জুলাই থাইল্যান্ডের উপকূলে বাংলাদেশি জাহাজ এমভি হোপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর গত ২০ জুলাই মালয়েশিয়ার লংকাউই উপকূলে স্থানীয় জেলেরা আলী হোসেন ও নেজামউদ্দিনের  মৃতদেহ উদ্ধার করেন। ডিএনএ পরীক্ষা শেষে মরদেহ দুটো ফেরত পাচ্ছে পরিবার।

আগামীকাল শুক্রবার নিজ নিজ গ্রামে নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ওই দুর্ঘটনায় জাহাজের ১৭ নাবিকের মধ্যে নয়জনকে জীবিত পাওয়া যায়। মৃতদেহ পাওয়া যায় চারজনের। জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকারসহ এখনো চারজন নাবিক নিখোঁজ রয়েছেন।