সাত মাস পর বই সরবরাহ
প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। এ বছরের জানুয়ারিতে শুরু হয়েছে ক্লাস। ওই মাসের মধ্যে ছাত্রছাত্রীদের হাতে বিনা মূল্যে বই সরবরাহ করার কথা। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সব বই বিতরণ করা হয়নি। ক্লাস শুরুর সাড়ে সাত মাস পর বাকি বই এসেছে গত বুধবার।ওই দিন উপজেলা শিক্ষা কার্যালয়ে উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে প্রথম ও তৃতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিতসহ এক হাজার ৩০০ পাঠ্যবই বুঝিয়ে দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ সময় আশিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামরঞ্জন চক্রবর্তী বলেন, পুরোনো বই দিয়ে এত দিন কোনোরকমে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া হয়েছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান এক মাসের বন্ধ থাকায় এসব বই আগামী ১৮ সেপ্টেম্বরের আগে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক বলেন, ১৮ সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছালে মাত্র আড়াই মাসের প্রস্তুতিতে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে।