সাত মাস পর মুক্তি পেলেন গয়েশ্বর

সাত মাসের বেশি সময় কারাভোগের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছেন।
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পান। তাঁর ব্যক্তিগত সহকারী কে এম আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ২২ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায়কে তাঁর সিদ্ধেশ্বরীর বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ২৭টি মামলা হয়। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ আদালতে হাজিরার দিন পুরান ঢাকার বকশীবাজার এলাকায় সরকারদলীয় সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনাসহ সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় গত ১৩ জুলাই গয়েশ্বর জামিন পান।
বাসায় ফিরেছেন ফখরুল
এ দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে আজ বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুক্তি পেয়ে হাসপাতালে ভর্তি হন। ঈদের পরপরই চিকিৎসার জন্য তাঁর বিদেশে যাওয়ার কথা।