পুলিশি হেফাজতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইকবাল ভূঁইয়ার মৃত্যুর সাত মাস পর হত্যা মামলা দায়ের করেছেন তাঁর বাবা মঙ্গল ভূঁইয়া। গত রোববার জেলার বিচারিক হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন তিনি।
মামলায় বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, পৌর ছাত্রলীগের সভাপতি জুয়েল আহাম্মেদ ও কানাইনগর গ্রামের আবদুর রহিমকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা সেলিম ও পৌর ছাত্রলীগের সভাপতি জুয়েলের সঙ্গে ইকবাল ভূঁইয়ার বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে আবদুর রহিমের সঙ্গে যোগসাজশ করে আসামিরা ইকবালকে হত্যার পরিকল্পনা করে। ওই পরিকল্পনা অনুযায়ী গত বছরের ২৮ ডিসেম্বর তাঁকে বাঞ্ছারামপুর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়। সেখানে কৌশলে জুসের সঙ্গে কীটনাশক জাতীয় বড়ি মিশিয়ে তাঁকে পান করানো হয়। এভাবে তাঁকে হত্যা করা হয়।
পুলিশ দাবি করেছে, ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ২৮ ডিসেম্বর ইকবালকে উপজেলার প্রতাপগঞ্জ বাজার থেকে বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান গ্রেপ্তার করেন। এর কিছু সময় পর ইকবাল থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৮ ডিসেম্বর রাতেই থানা-পুলিশ একটি অপমৃত্যুর মামলা করে। পরে গত ২০ মে লাশের ময়নাতদন্তের প্রতিবেদন দেন জেলা সিভিল সার্জন।
বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, আদালত থেকে ব্রাহ্মণবাড়িয়ার ডিবি পুলিশের ওসি মাইনুর রহমানকে মামলার তদন্ত করতে বলা হয়েছে।