সাত মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে একটি হত্যাকাণ্ডের ঘটনার প্রায় সাত মাস পর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেটলী গ্রামের কলেজশিক্ষক মিজানুর রহমানকে (৩৩) গ্রেপ্তার করেছে।

নীলফামারীর পুলিশ সুপার আলমগীর রহমান জানান, গত বছরের ৮ ডিসেম্বর জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের শাহাপাড়ার তিস্তা সেচ ক্যানেলের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল একটি মামলা করেন। ওই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের মনোবিজ্ঞানের প্রভাষক মিজানুর রহমানকে তাঁর মেটলী গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মিজানুর ওই গ্রামের আনছার আলীর ছেলে। গ্রেপ্তারের পর মিজানুর রহমান পুলিশের কাছে দোষ স্বীকার করায় জবানবন্দি গ্রহণের জন্য তাঁকে শুক্রবার আদালতে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, গত বছরের ৭ ডিসেম্বর রাতে ওই হত্যাকাণ্ড ঘটে। ৮ ডিসেম্বর সকালে ওই তরুণীর লাশ উদ্ধার করে অজ্ঞাতপরিচয়ে ময়নাতদন্ত করা হয়। পরে তাঁর পরিচয় জানা যায়। তাঁর নাম ফাতেমা বেগম ওরফে নিলুফা (২৭)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকদীঘি ইউনিয়নের গুড়িয়াপাড়ার তাজির উদ্দিনের মেয়ে। মেয়ের মুঠোফোনের মাধ্যমে খোঁজখবর নিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি শুক্রবার নীলফামারী অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।