সাত মাস পর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের সাত মাস পর গতকাল সোমবার কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) এম এ ফারুক ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোপত্রভুক্ত আসামিরা হলেন জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী, সাদ্দাম হোসেন ওরফে চঞ্চল ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে রবি, রিয়াজুল ইসলাম ওরফে মেহেদি, মো. গোলাম রব্বানী ওরফে আবদুল্লা, মো. মাহাবুব হাসান ওরফে মিলন, মো. হাসান ফিরোজ ওরফে মোখলেছ ও মো. আবু নাসির ওরফে রুবেল, খায়রুল ইসলাম ওরফে বাঁধন, মো. শফিউল আলম ওরফে সোহান ওরফে আবু মুকাদিল ওরফে ডন ও মুহা. নজরুল ইসলাম ওরফে বাইক হাসান। এঁদের মধ্যে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা ও ‘বন্দুকযুদ্ধে’ খায়রুল, শফিউল ও নজরুল নিহত হয়েছেন। এ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে অভিযোগপত্রে।
একই ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলারও অভিযোগপত্র গতকাল আদালতে দাখিল করা হয়েছে। এ মামলারও তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই ফারুক। তিনি সাতজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন প্রথম মামলার আসামি জাহাঙ্গীর, সাদ্দাম, রিয়াজুল ইসলাম, রব্বানী খায়রুল, শফিউল ও নজরুল। তাঁদের মধ্যে নিহত খায়রুল, শফিউল ও নজরুলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া মাহাবুব, হাসান ও আবু নাসিরের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁদেরও অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
এসআই ফারুক বলেন, হোসেন আলী হত্যার ঘটনায় তদন্ত শেষে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে এবং বিস্ফোরক আইনে দায়ের মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মারা যাওয়ায় এ দুই মামলা থেকে তিনজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় মামলায় আসামি করা তিনজনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁদেরও অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এসআই ফারুক বলেন, পৃথক দুই অভিযোগপত্রে মোট আসামির সংখ্যা সাতজন।