সাত মাস বয়সী শিশুর পেটে ২২ সপ্তাহের ভ্রূণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত মাস বয়সী সাজিয়া জান্নাতের মা সুমি বেগম মেডিকেল কলেজ আয়োজিত সংবাদ সম্মেলন  বক্তব্য রাখছেন। ছবি: সাবিনা ইয়াসমিন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত মাস বয়সী সাজিয়া জান্নাতের মা সুমি বেগম মেডিকেল কলেজ আয়োজিত সংবাদ সম্মেলন বক্তব্য রাখছেন। ছবি: সাবিনা ইয়াসমিন

সাত মাস বয়সী শিশু সাজিয়া জান্নাতের পেট থেকে অস্ত্রোপচার করে গতকাল বুধবার প্রায় ২২ সপ্তাহের একটি ভ্রূণ বের করেছেন চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকেরা সাজিয়ার সার্বিক অবস্থা জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ উল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অস্ত্রোপচারটি করেন। মাথার খুলিবিহীন ভ্রূণটির দুই পা সুগঠিত। ডান হাত ও মাথা কিছুটা অগঠিত। শিরদাঁড়ার ওপর চামড়া নেই। ঘাড় ও মাথার কাছে কিছু চুল ছিল। ভ্রূণটি ছিল একটি ছেলে শিশুর।
সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক মিজানুর রহমান, অধ্যাপক আবদুল হানিফ, আতিকুর রহমান, আবিদ হোসেন মোল্লাসহ সংশ্লিষ্ট বিভাগ ও অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাজিয়ার বাবা শফিকুল আলম ও মা সুমি বেগমও।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাজিয়ার বাবা-মা জামালপুরে থাকেন। এই দম্পতির প্রথম সন্তান সাজিয়া। জন্মের পর ভালো থাকলেও চার মাস বয়সে সাজিয়ার নাভির কাছে শক্ত চাকা অনুভব করেন মা সুমি বেগম। ধীরে ধীরে তা বড় হতে থাকে। সাজিয়া সারাক্ষণ অস্থির থাকত। পরে আলট্রাসোনোগ্রাফি পরীক্ষায় ভ্রূণের অস্তিত্ব ধরা পড়ে।

সাজিয়ার মা সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে বলেন, ‘ভাবিনি আমার বাচ্চা ফেরত পামু। ও যে বাইচ্যা আছে তাতেই হাজার শুকরিয়া।’ তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাজিয়াকে ১৩ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে চলতে থাকে নানা পরীক্ষা-নিরীক্ষা। তার জন্ডিস ও ঠান্ডাজনিত সমস্যার চিকিৎসা করা হয়। শিশুটির চিকিৎসা দলের প্রধান অধ্যাপক আশরাফ উল হক প্রথম আলোকে বলেন, সাজিয়া এখন একটু ভালো আছে। তবে তার দীর্ঘদিন জন্ডিস ছিল। সে লিভার সিরোসিসে আক্রান্ত কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

পরজীবী ভ্রূণ কেনো হয়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মায়ের গর্ভে দুটি ভ্রূণ তৈরি হয়েছিল। কোনো কারণে একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের মধ্যে ঢুকে যায়। সেটি পরজীবী ভ্রূণ হিসেবে বড় হতে থাকে। একটি ভ্রূণ পরিপূর্ণ মানবশিশুতে পরিণত হতে থাকে। কিন্তু পরজীবী ভ্রূণটি পরিপূর্ণ মানবশিশুতে পরিণত হতে পারে না। কিছু অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি হয়। পরজীবী ভ্রূণটি শিশুর দেহ থেকে পুষ্টি লাভ করে টিউমার আকারে বড় হতে থাকে। অস্ত্রোপচার সফল হলে পরবর্তী সময়ে সেই শিশুর আর কোনো জটিলতা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।