সাত মাস বেতন পান না ৩৮২ কর্মকর্তা-কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধসংক্রান্ত মাল্টিসেক্টরাল প্রোগ্রামের ৩৮২ জন কর্মকর্তা-কর্মচারী গত সাত মাস বেতন-ভাতা পাননি। অথচ কর্তৃপক্ষ তাঁদের কাজ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে।

সাতটি বিভাগীয় শহরের এবং একটি জেলা পর্যায়ের মেডিকেল কলেজ হাসপাতালে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের অধীনে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারসহ (ওসিসি) বিভিন্ন কর্মসূচি চালু রয়েছে। এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা চলতি বছরের জানুয়ারি মাস থেকে বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহকারীসহ নিম্ন বেতনের কর্মচারীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে কর্মরত এক কর্মী প্রথম আলোকে বলেন, ‘গ্রামের জমি মর্টগেজ দিয়ে চলছি। এখন আর কেউ টাকা ধার দেয় না। ধার চাইতেও এখন লজ্জা লাগে। আমরা তবু চলছি, পরিচ্ছন্নতাকর্মীদের মুখের দিকে তাকাতে পারি না। তাঁদের তো আর চলে না।’

গত বছরের ২৯ জুন মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন এক চিঠিতে বলেন, এই প্রকল্পের চতুর্থ পর্ব (১ জুলাই ২০১৬ থেকে ৩০ জুন ২০২১) অনুমোদন না হওয়া পর্যন্ত ডেনমার্ক সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে। তাই কর্মকর্তা/কর্মচারীদের কাজ অব্যাহত রাখতে চিঠিতে অনুরোধ করা হয়েছে।

জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম প্রথম আলোকে বলেন,‘কর্মরতরা যাতে বেতন পান, সে বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দেখা যাক।’

এদিকে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের চতুর্থ পর্বের জন্য নতুন করে জনবল নিয়োগের জন্য পত্রিকায় দুই দফা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সর্বশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জুন মাসে। তৃতীয় পর্বে কর্মরত ব্যক্তিরা নতুন করে নিয়োগ পাওয়ার জন্য আবেদনও করেছেন। এখন নতুন করে নিয়োগ পাওয়ার পর বকেয়া বেতন পরিশোধ করা হবে কি না, তা নিয়েও সংশয়ে আছেন প্রকল্পে কর্মরতরা।