সাত মাস মজুরি পাচ্ছেন না এক হাজার শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক হাজার নারী শ্রমিকের সাত মাসের মজুরি আটকে রয়েছে। শ্রমিকেরা আশা করেছিলেন ঈদের আগে মজুরির টাকা পাবেন। কিন্তু তাঁদের সেই আশা পূরণ হচ্ছে না।এলজিইডির দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, অনেক দেরিতে ওই শ্রমিকদের মজুরির চেক এসেছে। ট্রেজারিতে তা জমা করা হয়েছে। ঈদের আগে ওই টাকা দেওয়া সম্ভব হবে না।দিনাজপুর এলজিইডি কার্যালয় থেকে জানা গেছে, স্থানীয় অবকাঠামো রক্ষণাবেক্ষণ (আরইআরএমপি) প্রকল্পের কাজে ২০০৮ সালের জানুয়ারি মাসে পাঁচ বছরের জন্য জেলার ১৩টি উপজেলার ১০০ ইউনিয়ন থেকে ১০ জন করে মোট এক হাজার নারী শ্রমিক যোগদান করেন। ওই শ্রমিকদের কাজ সড়ক রক্ষণাবেক্ষণ, সড়কে গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করা। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি ৯০ টাকা। এর মধ্যে ৩৬ টাকা শ্রমিকদের ব্যাংক হিসাবে জমা রেখে তাঁদের ৫৪ টাকা করে ১৫ দিন পর পর দেওয়ার কথা। কিন্তু বরাদ্দ না আসায় শ্রমিকেরা গত সাত মাস কোনো মজুরি পাননি। আর ৩৬ টাকা করে ব্যাংকে জমা করা ওই টাকা পাঁচ বছর পর দেওয়া হবে। তবে কাজ ছেড়ে গেলে ওই টাকা পাওয়া যাবে না।২ নম্বর সুন্দরবন ইউনিয়নের নেনো বালা বলেন, ‘গেল সাত মাস ধরি হামার সাত হাল অবস্থা। মনত আশা কইছনো, ঈদের আগত টাকা পাওয়া যাবি, স্বামী-ছ্যাওয়াল নিয়া ঈদটা অন্তত শান্তি করি করা যাবি। কিন্তুক স্যাররা কহিছে ঈদের পর ছাড়া হবে নাহে। হারা গরিব মানুষ। কাম করি টাকা না পাইলে কেমন করি চলে?’এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, ২০১৩ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবে। এই প্রকল্পের লক্ষ্য হলো নারী শ্রমিকদের স্বাবলম্বী করে তোলা। এ কারণে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে নারী শ্রমিকদের তাঁদের জমানো অর্থ উত্তোলন করতে অনুুৎসাহিত করা হয়।