সাত মাসে দুবার ভাঙল ব্রিজটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে সাত মাসের ব্যবধানে আবারও ভেঙে পড়ল দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী বাজারের বেইলি ব্রিজটি। গত বুধবার রাত সোয়া ১১টার দিকে পাথরবোঝাই দুটি ট্রাক একসঙ্গে ব্রিজে উঠে পড়ায় সেটি ভেঙে যায়। এতে ট্রাক দুটিও পড়ে গিয়ে একজন চালকসহ দুজন আহত হন। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি ওজন নিয়ে ট্রাক দুটি ব্রিজে ওঠায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। গত মে মাসেও ব্রিজটি ভেঙে অন্তত ১০ জন আহত হন।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৮০ মেট্রিক টন পাথরবোঝাই ১০ চাকার দুটি ট্রাক পঞ্চগড় থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে পার্বতীপুরের আমবাড়ী বাজারের ইছামতী নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটিতে উঠলে সেটি ভেঙে ট্রাক দুটি পড়ে যায়। এতে একটি ট্রাকের চালক মাসুদসহ এক আরোহী আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া বলেন, বেইলি ব্রিজটি ১০ টন ধারণক্ষমতাসম্পন্ন।
চালক মাসুদ বলেন, ‘আমি ট্রাক নিয়ে প্রথমে ব্রিজে উঠি। পার না হতেই পিছনে থাকা পাথরবোঝাই আরেকটি ট্রাক উঠলে ব্রিজ ভেঙে পড়ে।’
গতকাল বৃহস্পতিবার দুর্ঘটনাকবলিত এলাকায় গেলে ব্রিজ-সংলগ্ন চা-দোকানের মালিক শাহাদত হোসেন বলেন, রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জগামী পাথরবোঝাই দুটি ট্রাক একসঙ্গে ব্রিজের উত্তর অংশে উঠলে ব্রিজটি দুটি ট্রাকসহ ভেঙে পড়ে। গত বছরের ২৮ মে একটি নৈশকোচ, তিনটি ট্রাক ও একটি ট্রাক্টর একই সঙ্গে উঠে পড়ায় ওই বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। তখন ৮ থেকে ১০ জন আহত হয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় এ ব্রিজ দিয়ে অতিরিক্ত ওজন নিয়ে অবৈধভাবে যান চলাচল করায় এসব দুর্ঘটনা ঘটছে।
দুই ট্রাকের চালকের সহকারী রোকন আলী ও রিপন মণ্ডল বলেন, দুই ট্রাকের প্রতিটিতে ৯০০ ঘনফুটের বেশি পাথর ছিল। ৯০০ ঘনফুট পাথরের ওজন কত, জানতে চাইলে তাঁরা তা বলতে রাজি হননি। স্থানীয় ব্যক্তিরা জানান, পাথরসহ ওই দুই ট্রাকের প্রতিটির ওজন কমপক্ষে ৪০ টন ছিল।
আমবাড়ি বণিক সমিতি এবং দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন আমবাড়ি শাখার সভাপতি মো. শাহনেওয়াজ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বেইলি ব্রিজটি বহুদিন থেকেই ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও হাইওয়ে এবং ট্রাফিক পুলিশ অবৈধ সুবিধার বিনিময়ে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচলে কোনো বাধা দেয় না। এ কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে ভারী যানবাহন চলাচলের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কেউ কোনো ব্যবস্থা নেন না বলে মো. শাহনেওয়াজ অভিযোগ করেন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া বলেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যানবাহন চলাচল করে। বেইলি ব্রিজটি এ পরিমাণ যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী। এটির জায়গায় কংক্রিটের ব্রিজ করতে গত বছরের ২৩ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। আর সড়কে অবৈধভাবে যান চলাচলের বিষয়টি দেখার দায়িত্ব বিআরটিএ এবং ট্রাফিক পুলিশের।
এদিকে বিআরটিএ দিনাজপুর জেলা কার্যালয়ের মোটরযান পরিদর্শক নুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, সড়কে অবৈধভাবে ভারী যানবাহন চলাচল করছে কি না, তা দেখার দায়িত্ব সওজ বিভাগ এবং ট্রাফিক পুলিশের। তবে তাঁরা মাঝে মাঝেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহনকে জরিমানা করে থাকেন বলে জানান।
দিনাজপুর ট্রাফিক পুলিশের ওসি সাদাকাতুল বারী বলেন, তাঁরা কখনোই অবৈধভাবে ভারী যানবাহন চলাচলে অনুমোদন দেন না। তবে রাত ১০টার পর যেহেতু ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকে না, ওই সময়ে এসব যানবাহন চলাচলে আর কিছু করার থাকে না।
হাইওয়ে পুলিশের দিনাজপুরের চম্পাতলি থানার ওসি আবুল বাশার বলেন, ভারী পণ্য যেখানে ওঠানো হয়, সেখানে সওজ বিভাগের ওজন নিয়ন্ত্রণকেন্দ্র থাকে। যানবাহনে অতিরিক্ত পণ্য উঠছে কি না, সেটি দেখার দায়িত্ব ওজন নিয়ন্ত্রণকেন্দ্রের।