সাত মাসেও অধিকতর তদন্ত প্রতিবেদন দিতে পারেনি সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নোয়াখালীর কোম্পানীগঞ্জের কিশোর শামছুদ্দিন মিলন (১৬) হত্যা মামলা ‘অধিকতর তদন্তের’ জন্য সাত মাস আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই তদন্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি। কবে নাগাদ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না সিআইডি।
‘ডাকাত সাজিয়ে’ মিলনকে পিটিয়ে হত্যার পাঁচ বছর আজ। ২০১১ সালের ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চরকাঁকড়া এলাকায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ গাড়িতে করে এনে উন্মত্ত জনতার হাতে এই কিশোরকে ছেড়ে দেয়। সেখানে পুলিশের উপস্থিতিতেই মিলনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের গাড়ি থেকে মিলনকে নামিয়ে দেওয়াসহ পুরো ঘটনাটির ভিডিওচিত্র প্রকাশিত হলে স্তম্বিত হয়ে পড়ে প্রশাসনসহ সাধারণ মানুষ।

গত বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) আতাউর রহমান ভূঁইয়া মিলন হত্যাকাণ্ডের ঘটনায় শনাক্ত হওয়া চার পুলিশ সদস্যসহ ৩১ আসামির সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। তিনি এ মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা ছিলেন। চূড়ান্ত প্রতিবেদনে বাদী মামলা চালাতে চান না বলে উল্লেখ করা হয়।

এ নিয়ে ওই বছরের ২৭ জুলাই ‘বিচার মাটিচাপা দিল পুলিশ’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরে ৫ নভেম্বর নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

নোয়াখালী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি এ টি এম মহিব উল্ল্যাহ বলেন, হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে আইনে ১৮০ দিনের কথা বলা আছে। তবে তদন্ত কর্মকর্তা ইচ্ছা করলে তদন্তের প্রয়োজনে আদালত থেকে সময় বাড়িয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে সেটিই হয়েছে।

তবে প্রায় দেড় মাস আগে সিআইডির তদন্তসংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে জানিয়েছিল, হত্যার ঘটনার সময় ধারণকৃত ভিডিওচিত্র, উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্যপ্রমাণ ও দুই আসামির জবানবন্দিতে এ ঘটনায় পুলিশের সম্পৃক্ততার তথ্য মিলেছে।

এখন মামলাটি তদন্ত করছেন নোয়াখালী জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহম্মদ। এই মামলার তদন্ত প্রতিবেদন কবে জমা দেওয়া হবে, জানতে চাইলে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে তিনি বলেন, কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে, কম সময়ের মধ্যে সেগুলো শেষ করার চেষ্টা চলছে।

মিলনের মা কোহিনুর বেগম প্রথম আলোকে বলেন, ‘না পেলাম ছেলে হত্যার বিচার, না হলো আমার ছোট ছেলের পুলিশে চাকরি। মিলনের বাবাকে বিদেশ থেকে ফিরিয়ে আনার পর পরিবারের রোজগারের পথ বন্ধ হয়ে গেছে।’