সাত মাসেও আসামিকে ধরতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কলেজছাত্রী ফারহানা ইসলাম ওরফে রিমির আত্মহননে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলার আসামি শামীম মিয়াকে (৩১) সাত মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, শামীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ও এলাকাবাসী জানান, ফারহানা সোনারগাঁর পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে। সে সোনারগাঁ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ত। গত বছরের ১৭ নভেম্বর কলেজে যাওয়ার পথে ফারহানাকে প্রেমের প্রস্তাব দেন শামীম। সাড়া না পেয়ে ফারহানার শ্লীলতাহানি ঘটান এবং ওড়না ও মুঠোফোন ছিনিয়ে নেন। পরে অপমান ও লজ্জায় ওই ঘটনার এক ঘণ্টার মধ্যে স্থানীয় বাজার থেকে কীটনাশক কিনে পান করে আত্মহত্যা করে ফারহানা। আত্মহত্যার আগে ফারহানা একটি চিরকুট লিখে যায়। চিরকুটে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শামীম দায়ী।’
ওই ঘটনার পরের দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফারহানাদের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, তিন দিনের মধ্যে শামীমকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ফারহানার আত্মহননে প্ররোচনা দেওয়ার অভিযোগে শামীমের বিচারের দাবিতে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেকোনো উপায়ে শামীমকে গ্রেপ্তার করার আশ্বাস দেন।
গত সোমবার ফারহানাদের বাড়িতে গেলে তার বাবা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দেশের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, ডিসি, এসপি সবাই আমাকে বলেছিলেন শামীমের বিচার হবে। কিন্তু ঘটনার সাত মাস পার হওয়ার পরেও তাঁকে গ্রেপ্তার করা হলো না। দেশে কি আইনের শাসন নেই?’
ফারহানার মা সানোয়ারা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘এখন আর মেয়ে হত্যার বিচার চাই না। জানি অন্যায় করলেও টাকার জোর থাকলে এ দেশে কোনো বিচার হয় না।’
যোগাযোগ করলে মামলার তদন্ত কর্মকর্তা ও সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক প্রথম আলোকে বলেন, ‘শামীম মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করছি। কিন্তু তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’
সোমবার শামীমদের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরে তালা ঝুলছে। প্রতিবেশীদের অনেকে জানান, ঘটনার পর থেকে শামীমসহ তাঁর পরিবারের সবাই পলাতক রয়েছেন।