সাত মাসেও উদ্বোধন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস স্টেশন ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলেও বিভিন্ন জটিলতার কারণে সাত মাসেও তা উদ্বোধন করা হয়নি।বরগুনা গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, ২০০৯-১০ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে মোট ৭৬টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। এর আওতায় পাথরঘাটা ও বরিশালের অন্য দুই উপজেলায় তিনটি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।বরগুনা গণপূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত এসও মো. আবুল হাসান জানান, মেসার্স বিজলী কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের জুন মাসে প্রায় এক কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাথরঘাটা হাসপাতাল রোড এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করে। ভবনের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর একাধিকবার ভবন হস্তান্তরের জন্য ফায়ার সার্ভিসের উপপরিচালকের বরাবরে চিঠি দেওয়া হলেও তাঁরা ভবনটি বুঝে নেননি।ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বাবুল মিয়া বলেন, ‘পানি ও বিদ্যুৎসংযোগ ছাড়া স্টেশনটির সব কাজই সম্পন্ন হয়েছে। আমরা ভবনটি হস্তান্তরের জন্য প্রস্তুতি নিয়ে গণপূর্ত বিভাগের মাধ্যমে চিঠিও দিয়েছি, কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাতে এখনো সাড়া দেয়নি।’জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপে জানা গেছে, এই মুহূর্তে নতুন করে কোনো স্টেশন চালু করার মতো প্রয়োজনীয় জনবল ফায়ার সার্ভিসে নেই।পাথরঘাটা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জহিরুল হক বলেন, ‘প্রতিবছর পাথরঘাটা পৌর শহরে অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষতি হয়। এ জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য। কিন্তু ভবন নির্মাণের পরও এটা চালু না হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।’ তিনি বলেন, ২০০৮ ও ২০০৯ সালে দুই দফায় পাথরঘাটা পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, জনবলসংকটের কারণে মূলত পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনটি চালু যাচ্ছে না। জনবল না দিলে ভবন উদ্বোধন করলেও কোনো লাভ নেই। যথাযথ কর্তৃপক্ষ যখন জনবল দেবে, তখনই এর কার্যক্রম শুরু হবে।