সম্মেলন হওয়ার প্রায় সাড়ে সাত মাস পরও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। আবার দলের কিছু নেতা-কর্মী অভিযোগ করেছেন, সাংগঠনিক নিয়ম মেনে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।
চলতি বছরের ১২ মার্চ গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আনুষ্ঠানিকভাবে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে সভাপতি পদে সৈয়দ-শামস-উল-আলম এবং সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিকের নাম ঘোষণা করা হয়। কিন্তু জেলা কমিটি গঠনের সাত মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি।
জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা বলেন, ২০০৬ সালে সাবেক সভাপতি মোহাম্মদ খালেদের মৃত্যুর পর জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ শামস-উল-আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে ওই কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রম চলছিল। ১০ বছর পর চলতি বছরে সম্মেলন হলে নেতারা নড়েচড়ে বসেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকলেও এ সম্মেলনে কোনো ভোটাভুটি হয়নি। মাহবুব উল আলম শুধু নাম ঘোষণা করে দেন।
আর সম্মেলনের ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হলেও সেটা এখনো হয়নি। ফলে অনেক নেতা-কর্মী এ বিষয়ে ক্ষুব্ধ।
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল বলেন, এ বছরের সম্মেলনটি সংগঠনের নীতিমালা অনুযায়ী হয়নি। কারণ, সম্মেলনে কাউন্সিলরদের ভোট কিংবা মতামতের ভিত্তিতে কমিটি হওয়ার কথা। কিন্তু এ সম্মেলনে কাউন্সিলরদের তালিকাই ছিল না। তিনি অভিযোগ করেন, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক মনোভাবের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক প্রবীণ নেতা বলেন, আগে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটি হয়েছে। এবার সাংগঠনিক নিয়ম মেনে তা করা হয়নি। ফলে ত্যাগী নেতারা ক্ষুব্ধ। পাশাপাশি নতুন নেতৃত্বও সৃষ্টি হয়নি।
পূর্ণাঙ্গ কমিটি করতে বিলম্ব হচ্ছে কেন, জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ-শামস-উল-আলম বলেন, জেলার সাতটি উপজেলা ও শহর কোনটিতে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু শুধু এই ১৬ জনকে নিয়ে জেলা কমিটি গঠন করা যাবে না। এসব কমিটি থেকে ত্যাগী ও ভালো নেতাদের জেলা কমিটিতে নেওয়া হবে। এ কারণে জেলা কমিটি ঘোষণা করা সম্ভব হচ্ছে না। আর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য উপজেলাগুলোকে তাগাদা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। অনেক নেতা-কর্মী। কাকে ছেড়ে কাকে কমিটিতে নিই, তাই বাছাইপ্রক্রিয়া চলছে। ২৩ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় সম্মেলনে কিছু পদ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। পদ বাড়লে নতুন নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করা যাবে। তাই তাঁরা অপেক্ষা করছেন।’