সাত মাসেও মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করছে না বিটিসিএল
জুনিয়র সহকারী ম্যানেজার এবং অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সাত মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ করছে না বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এতে চাকরিপ্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা।
গত বছরের ১৯ এপ্রিল জুনিয়র সহকারী ম্যানেজার পদে ৫০ জন এবং অ্যাকাউন্ট্যান্ট পদে ৭০ জন নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটি। সাড়ে তিন হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এটির ফলাফল প্রকাশ করা হয় ২৪ অক্টোবর। পরবর্তী ধাপে ৩১১ জন মৌখিক পরীক্ষায় অংশ নেয়। মৌখিক পরীক্ষা শেষ হয় গত ৪ নভেম্বর। তবে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করছে না কর্তৃপক্ষ। এতে নিয়োগ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন পরীক্ষার্থীরা। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া জনা বিশেক পরীক্ষার্থী এই প্রতিবেদককে জানান, প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ থেকে তাঁদের জানানো হয়েছে, ফলাফল প্রস্তুত আছে। ব্যবস্থাপনা পরিচালক যেদিন ইচ্ছা করবেন, সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। কেউ কেউ বলেছেন, বিটিসিএল আর্থিক সংকটের কারণে এখন নিয়োগ দিচ্ছে না। সংকট কেটে গেলে নিয়োগ দেবে। নাম প্রকাশ না করার শর্তে বিটিসিএলের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রত্যেক মাসে বেশ কিছু কর্মকর্তা এলপিআরে যাচ্ছেন। নতুন লোক নেওয়া যায়, তা ছাড়া আর্থিক সংকটও নেই।
বিভিন্ন ধরনের বক্তব্যে বিভ্রান্ত চাকরিপ্রার্থীরা। কয়েকজন পরীক্ষার্থী বলেন, তাঁরা উদ্বেগ ও হতাশায় ভুগছেন। কয়েকজন জানান, খোঁজখবর নিতে এখন তাঁদের আর প্রতিষ্ঠানটির কার্যালয়েও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিটিসিএল কর্তৃপক্ষের সঙ্গে। এটির পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বলেন, সবকিছু প্রস্তুত আছে। অল্প কিছুদিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।