ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতী নদীর ওপর বারুয়াখালী-বক্তারনগর সেতু নির্মাণের সাত মাসেও সংযোগ সড়ক নির্মিত হয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেতুর দুই পাশের ঢালে মাটি ফেলা হলেও কোনো যানবাহন সরাসরি সেতুতে উঠতে পারে না। যাত্রীরা পেছন থেকে ধাক্কা দিলে তবেই সেতুতে ওঠা যায়।উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে জানা যায়, সেতুটির পশ্চিম প্রান্তে উপজেলার বারুয়াখালী ইউনিয়ন। অপর প্রান্তে শিকারীপাড়া ইউনিয়নের বক্তারনগর। দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার্থে ২০১১ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে বারুয়াখালী-বক্তারনগর সেতুর নির্মাণকাজ শুরু হয়। এলজিইডির তত্ত্বাবধানে দুই কোটি ৩২ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ৮৪ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হয়। গত বছরের ২৬ আগস্ট সেতুটি উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।সরেজমিনে দেখা গেছে, রিকশা, ভ্যান, ইজিবাইক, টমটম, মোটরসাইকেল, প্রাইভেট কারগুলো সরাসরি সেতুতে উঠতে পারছে না। লোকজন যানবাহনগুলোর পেছনে ধাক্কা দিয়ে সেতুর ওপর ওঠাচ্ছেন।কথা হয় ইজিবাইকের চালক মীর অপুর সঙ্গে। বললেন, ‘ব্রিজের কাছে আইলে মনে হয় মরুভূমির পাহাড়ে উঠছি। গাড়ি ধাক্কাতে পথচারীর অপেক্ষায় থাকতে হয়। অনেক সময় যাত্রীরা নাইমা গাড়ি ধাক্কা দেয়।’ ভোগান্তি কমাতে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান তিনি।স্থানীয় বাসিন্দা মো. সেকান্দার হোসেন বলেন, বারুয়াখালী-বক্তারনগর সেতু নির্মাণের ফলে দুটি উচ্চবিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বারুয়াখালী হাটবাজারের সঙ্গে দুই পারের জনগণের যাতায়াতের কষ্ট লাঘব হয়। কিন্তু উদ্বোধনের সাত মাসে দুই পাশের সংযোগ সড়ক না হওয়ায় এলাকাবাসীর কষ্ট আরও বেড়েছে। কারণ, সেতু নির্মাণের আগে নৌকা চললেও এখন তা বন্ধ হয়ে গেছে।সেতুতে উঠতে-নামতে খুব কষ্ট হয়। ছোট ছেলেমেয়েরা অনেক সময় সেতুর ঢালে পড়ে যায়। বারুয়াখালী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. সুমন।বারুয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন খান বলেন, জনগণের সুবিধার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদের উদ্যোগে কিছু মাটি ফেলা হয়েছে। কিন্তু বৃষ্টিতে কিছু মাটি ধসে পড়ে। বাকি মাটি কাদা হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলীকে বলা হয়েছে। তিনি দ্রুত সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন।শিকারীপাড়া ইউপির চেয়ারম্যান আলিমোর রহমান খান বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়কে একটু বৃষ্টি হলেই মানুষ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সংযোগ সড়কটি নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীকে বারবার জানালেও কোনো ব্যবস্থা নেননি।নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, মূল দরপত্রের সঙ্গে সংযোগ সড়কের ব্যয় সংযুক্ত ছিল না। সংযোগ সড়ক নির্মাণের জন্য বিশ্বব্যাংকের কাছে আবেদন করলেও তারা সাড়া দেয়নি। এখন সংযোগ সড়ক নির্মাণে স্থানীয় উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে অর্থ জোগাড় করার প্রক্রিয়া চলছে।