কার্যাদেশ দেওয়ার সাত মাস পরেও টেকনাফ-কক্সবাজার সড়কের সংস্কারকাজ শুরু করেননি ঠিকাদার। ফলে অসংখ্য গর্ত ও খানাখন্দ অতিক্রম করে যানবাহন চলাচলে অতিরিক্ত সময় অপচয়ের পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই সড়কে চলাচলকারী ৯০ শতাংশ যাত্রীবাহী বাসের সংগঠন ‘কক্সবাজার বাস মালিক গ্রুপ’-এর সভাপতি রফিকুল হুদা চৌধুরী জানান, প্রায় ৯৬ কিলোমিটার এই সড়কের টেকনাফ থেকে থায়ংখালী পর্যন্ত ৪৩ কিলোমিটারের সংস্কারের জন্য গত ফেব্রুয়ারি মাসে প্রায় ২১ কোটি টাকার দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ১৬ মে মেসার্স প্রজেক্ট বিল্ডার্স নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের সময়সীমা বেঁধে দিয়ে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু সাত মাস অতিক্রান্ত হলেও কোনো কাজ হয়নি।
কাজ শুরু না করা প্রসঙ্গে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ রফিক জানান, কার্যাদেশ পাওয়ার পর জুলাই মাস পর্যন্ত প্রায় তিন মাস বর্ষার জন্য কাজে হাত দেওয়া যায়নি। ইতিমধ্যে সড়ক সংস্কারের পাথর, বালু ও বিটুমিন মজুত করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব হবে।
দেখা গেছে, টেকনাফ সদরের বাসস্টেশন, নাইট্যাংপাড়া, দমদমিয়া, মোচনি, জাদিমুরা, লেদা, রঙ্গিখালী, নাটমুরাপাড়া, নীলা, মৌলভীবাজার, মিনাবাজার, লম্বাবিল, খারাংখালী, উলুবনিয়াসহ বিভিন্ন স্থানে সড়কের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। কিছু স্থানে কার্পেটিং উঠে নিচের মাটি বেরিয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি যাত্রী ও পথচারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
কক্সবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম বলেন, ‘কার্যাদেশের শেষ সময়ে তড়িঘড়ি করে সড়কের সংস্কারকাজ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের চক্রান্ত চলছে। ফলে গর্ত বা খানাখন্দে আটকে পড়ে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আমরা জানুয়ারির মধ্যে সড়কের সংস্কারকাজ শেষ দেখতে চাই। অন্যথায় আন্দোলন করা হবে।’
যাত্রীবাহী বাসচালক হামিদ হোসাইন জানান, সড়কের যে কী দুর্ভোগ, তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ভাঙাচোরা সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত এক থেকে দেড় ঘণ্টা সময় বেশি লাগছে।
সওজ বিভাগ কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী মো. আবদুর রশিদ জানান, সংস্কারের জন্য ৩৬৫ দিন সময় নির্ধারণ করে কার্যাদেশ দেওয়া হলেও রহস্যজনক কারণে ঠিকাদার কাজ শুরু করছেন না। ফলে যাত্রীসাধারণের দুর্ভোগ বাড়ছে। দ্রুত কাজ শুরুর জন্য ইতিমধ্যে ঠিকারদারকে নোটিশ পাঠানো হয়েছে। অন্যথায় কার্যাদেশ বাতিলসহ আইনি ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন মহলকে জানানো হবে।